logo

বাঙলা কলেজে ছাত্রলীগ সন্দেহে শিক্ষার্থী আটকের পর পুলিশে হস্তান্তর

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ বাঙলা কলেজ
বাঙলা কলেজে ছাত্রলীগ সন্দেহে শিক্ষার্থী আটকের পর পুলিশে হস্তান্তর
আটক স্নিগ্ধ কুমার রায়। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর সরকারি বাঙলা কলেজের গেট থেকে নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে স্নিগ্ধ কুমার রায় নামে এক শিক্ষার্থীকে আটক করে পুলিশে হস্তান্তর করেছে কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে কলেজের গেট এলাকায় এ ঘটনা ঘটে। স্নিগ্ধ কুমার রায় বাঙলা কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী বলে জানা গেছে।

ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, ওই দিন দুপুর থেকে স্নিগ্ধকে ক্যাম্পাস এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। পরে কলেজে ছাত্রলীগের মিছিল হতে পারে–এমন তথ্যের ভিত্তিতে ক্যাম্পাসের সামনে পুলিশ ও এসআরবি সদস্যরা অবস্থান নেন এবং এলাকায় তল্লাশি চালানো হয়। একপর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা স্নিগ্ধকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

বাঙলা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. হাফিজুর রহমান সুমন জানান, দুপুর থেকে সে ক্যাম্পাসে এসে ঘোরাফেরা করছিল। এখানে কীভাবে মিছিল করা যায়, সেসব বিষয়ে গোপন তথ্য নেওয়ার জন্যই সে এসেছিল বলে আমরা মনে করি। সে বাঙলা কলেজ ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিল।

জানা গেছে, আটকের আগে স্নিগ্ধ কুমার রায় বাঙলা কলেজের ভাইস প্রিন্সিপাল মিতুল চৌধুরীর কক্ষে দীর্ঘ সময় অবস্থান করছিলেন। সেখান থেকে তাকে বের করে নিয়ে আসার পর ছাত্রদলের নেতাকর্মীরা তাকে মারধর করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

আটক স্নিগ্ধ কুমার রায়ের দাবি, তিনি ব্যক্তিগত কাজে কলেজের একটি অফিসে এসেছিলেন। তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আটক করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, ছাত্রলীগ সন্দেহে এক যুবককে বাঙলা কলেজ ছাত্রদল আমাদের কাছে হস্তান্তর করেছে। পরে আমরা তাকে থানায় নিয়ে আসি। সে ছাত্রলীগ করত কি না, বিষয়টি এখনো যাচাই করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।