প্রয়োজনে আবারও জীবন দেব, স্বৈরাচারকে ফিরতে দেব না: বেরোবি শিবির সভাপতি

ইসলামী ছাত্রশিবিরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখার সভাপতি রাকিব মুরাদ বলেছেন, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও পতিত স্বৈরাচারকে আর দেশে ফিরে আসতে দেব না। দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তাদের প্রতিহত করা হবে।
শনিবার (২৮ নভেম্বর) নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইমরান খান সৌরভসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভাপতি রাকিব মুরাদ বলেন, ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সারা দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করেছে। দীর্ঘ ১৭ বছর ক্ষমতায় থেকে আওয়ামী লীগ এ দেশের মানুষকে শান্তিতে থাকতে দেয়নি। তারা গুম, খুন ও হত্যার রাজনীতি শুরু করেছিল। সেই পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার আবারও দেশে নৈরাজ্য সৃষ্টি করে বিভাজনের রাজনীতি ফিরিয়ে আনতে চায়। আমরা সেই জায়গা থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, প্রয়োজনে জীবন দেব। জীবনের সর্বশেষ রক্তবিন্দু দিয়ে হলেও সেই পতিত স্বৈরাচারকে আর দেশে ফিরে আসতে দেব না।
তিনি আরও বলেন, জুলাই-আগস্টে খুনি হাসিনার শাসনামলে দুই হাজারের বেশি ভাই শহীদ হয়েছেন। হাজার হাজার মানুষ আহত হয়েছেন। এমনকি শিশুরাও প্রাণ হারিয়েছে। সেই খুনি হাসিনাকে আর এ দেশে ফিরে আসতে দেওয়া হবে না।
বিএনপিকে ইঙ্গিত করে বেরোবি শিবির সভাপতি বলেন, একটি দল বারবার বলেছে, নির্বাচন হলেই সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি, তারা নিজেদের অবস্থান থেকে সর্বোচ্চ সুবিধা আদায়ের চেষ্টা করছে। তারা যদি সত্যিই ঐক্য চায়, তাহলে আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে।
এ ছাড়া গণভোটের রায় মেনে জাতীয় জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের নৈরাজ্য ও ফ্যাসিবাদী রাজনীতি প্রতিহত করা সম্ভব হবে বলেও দাবি করেন তিনি।

