Advertisement

হুমায়ূন আহমেদের স্মরণে ইউসিটিসি ড্রামা ক্লাবের নাটক ‘নিমফুল’

এশিয়া পোস্ট নিউজ
হুমায়ূন আহমেদের স্মরণে ইউসিটিসি ড্রামা ক্লাবের নাটক ‘নিমফুল’
ইউসিটিসি ড্রামা ক্লাবের নাটক ‘নিমফুল’ প্রদর্শিত হয়েছে। ছবি : সংগৃহীত

কিংবদন্তি কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী স্মরণে ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রামের (ইউসিটিসি) ড্রামা ক্লাব মঞ্চস্থ করেছে কালজয়ী নাটক ‘নিমফুল’।

মঙ্গলবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভবনের মিলনায়তনে নাটকটি প্রদর্শিত হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই প্রযোজনায় নাটকটির মানবিক আবেদন, গ্রামীণ জীবন ও সম্পর্কের সূক্ষ্ম আবেগ প্রাণবন্তভাবে ফুটে ওঠে। পুরো পরিবেশনাজুড়েই মিলনায়তনে দর্শকদের উপস্থিতি ও আগ্রহ ছিল লক্ষণীয়।

নাটকটির নির্দেশক মায়া দত্ত বলেন, হুমায়ূন আহমেদের নাটক শুধু বিনোদন নয়; মানুষের জীবন, সম্পর্ক ও সমাজকে নতুনভাবে ভাবতে শেখায়। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তার কালজয়ী নাটক মঞ্চস্থ করার মাধ্যমে আমরা তার প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়েছি।

হেদায়েত চৌধুরী চরিত্রে অভিনয় করা জোনায়েদ হোসেন জাওয়াদ বলেন, হুমায়ূন আহমেদের সৃষ্টির সঙ্গে যুক্ত হওয়া আমাদের জন্য গর্ব ও দায়িত্বের বিষয়। চরিত্রটিকে ফুটিয়ে তুলতে দীর্ঘদিনের প্রশিক্ষণ ও পরিশ্রম সফল হয়েছে দর্শকদের ভালোবাসায়।

প্রযোজনাটিতে অভিনয় করেন জোনায়েদ হোসেন জাওয়াদ (হেদায়েত চৌধুরী), ফারজানা মুন্সি সীমা (মদিনা), রিফাত হাসান (মাস্টার), ইমতিয়াজ ইমতি (ফজলু), সফল দাশ (কুদ্দুস), সাওয়াদ সামি (মনা ডাকাত), আরিয়ান (মনা ডাকাতের ছেলে), মারুফ চৌধুরী (হেডমাস্টার), সিয়াম (মেম্বার), অর্নব দত্ত (জয়নাল), তাওছিন আক্তার (সালেহার আম্মা) ও উম্মে সামিহা (সালেহা)।

নাটকটি উপভোগ করতে আসা দর্শকেরা শিক্ষার্থীদের আন্তরিক ও পরিণত অভিনয়ের প্রশংসা করেন। আয়োজকেরা জানান, ভবিষ্যতেও বাংলা নাট্যসাহিত্যের এমন চিরায়ত সৃষ্টিগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে তাদের সাংস্কৃতিক চর্চা অব্যাহত থাকবে।