কুবিতে ছাত্রলীগের পোস্টারিংয়ের অভিযোগে ছাত্রদলের নিন্দা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ক্যাম্পাসে নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পোস্টার লাগানোর ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ ও সদস্য সচিব আবুল বাশার এ নিন্দা-প্রতিবাদ জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে ক্যাম্পাসে নিষিদ্ধ কোনো সংগঠনের কার্যক্রম, প্রচারণা কিংবা পোস্টার-ব্যানার প্রদর্শন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক এবং আইন ও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধির পরিপন্থি।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি দ্রুত তদন্ত করে পোস্টার লাগানোর সঙ্গে জড়িতদের শনাক্ত করার দাবি জানিয়েছে ছাত্রদল। একই সঙ্গে প্রচলিত আইন ও বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভবিষ্যতে যাতে ক্যাম্পাসে নিষিদ্ধ কোনো সংগঠনের কার্যক্রম পরিচালনা বা প্রচার করা না যায়, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে নিরাপদ, সুশৃঙ্খল, শিক্ষাবান্ধব ও রাজনৈতিক সহিংসতামুক্ত ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃঢ় ও নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে ঘটনাটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়।



