মোবাইল নম্বর চেয়ে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, শাবিপ্রবিতে যুবক আটক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে আনারুল মিয়া (২৭) নামে এক বহিরাগত যুবককে আটক করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ক্যাম্পাসের টিচার্স কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থী জানান, টিউশন শেষে হেঁটে হলে ফেরার পথে মোটরসাইকেল নিয়ে ওই যুবক তাকে অনুসরণ করছিলেন। একপর্যায়ে মোটরসাইকেল থামিয়ে তিনি মোবাইল নম্বর চান, অশালীন মন্তব্য করেন এবং দূরব্যবহার করেন। পরবর্তীতে ভুক্তভোগী শিক্ষার্থী বিষয়টি সহপাঠীদের জানালে নিরাপত্তাকর্মী ও শিক্ষার্থীরা মিলে তাকে আটক করেন।
ঘটনার বর্ণনা দিয়ে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এহসান ফেরদৌস মাহিন বলেন, রাত ১১টার দিকে আমার এক সহপাঠী ফোন করে কান্নাকাটি অবস্থায় জানান যে তাকে এক মোটরসাইকেল আরোহী উত্ত্যক্ত করছেন। খবর পেয়ে আমরা দ্রুত সেখানে গিয়ে দেখি হলের নিরাপত্তাকর্মীরা ওই যুবককে ধরে রেখেছেন। পরে তাকে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী শোয়াইবুর রহমান জানান, টিচার্স কোয়ার্টারের সামনে সন্দেহভাজন যুবককে আটক করা হয়। খবর পেয়ে অন্য শিক্ষার্থীরা চলে এলে তাকে প্রক্টর অফিসে সোপর্দ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেছুর রহমান বলেন, অভিযুক্তকে পুলিশের কাছে হস্তান্তরিত করা হয়েছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ভুক্তভোগী শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরনের আইনি ও নিরাপত্তাজনিত সহযোগিতা প্রদান করা হবে।
এদিকে, ক্যাম্পাসের কয়েকটি সড়কে পর্যাপ্ত আলোর অভাব এবং রাত ১১টার পর অটোরিকশা চলাচল না থাকায় যাতায়াতে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা দ্রুত অন্ধকার সড়কগুলোতে আলোকসজ্জা বৃদ্ধি এবং রাতের বেলায় নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।


