Advertisement

দেশের সব বিশ্ববিদ্যালয়কে স্মার্ট ক্যাম্পাস করা হবে: ইউজিসি চেয়ারম্যান

এশিয়া পোস্ট নিউজ, বাকৃবি
দেশের সব বিশ্ববিদ্যালয়কে স্মার্ট ক্যাম্পাস করা হবে: ইউজিসি চেয়ারম্যান
বাকৃবিতে নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দেন ড. মামুন আহমেদ। ছবি: এশিয়া পোস্ট

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেছেন, আমাদের অনেকগুলো প্রচেষ্টার মধ্যে একটি হলো বিশ্ববিদ্যালয়গুলোকে ডিজিটালে রূপান্তরিত করা। আমাদের বড় একটি পরিকল্পনা হলো প্রতিটি বিশ্ববিদ্যালয়কে আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে স্মার্ট ক্যাম্পাস হিসেবে নিশ্চিত করা। যেখানে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে হাই স্পিড ইন্টারনেট, ওয়াইফাই সিস্টেম ও স্মার্ট ক্লাসরুম থাকবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১১টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে স্নাতক প্রথম বর্ষের (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় ইউজিসি চেয়ারম্যান আরও বলেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। কৃষির উন্নতি, দেশের উন্নতিতে সবচাইতে বেশি বুদ্ধিবৃত্তিক, গবেষণালব্ধ সহযোগিতা যে প্রতিষ্ঠান করেছে সেটি হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। তোমরা সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে দেশের কৃষির ঐতিহ্যকে ধারণ ও বহন করবে এবং এই ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যাবে।

এ নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন কমিটি। কমিটির সভাপতি এবং ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হকের সভাপতিত্বে ও সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. একে ফজলুল হক ভূঁইয়া।

ছাত্র-শিক্ষার্থীদের সম্পর্ক নিয়ে তিনি বলেন, শিক্ষক এবং শিক্ষার্থীর মাঝে সম্পর্ক থাকবে অসাধারণ। যদি ছাত্র ও শিক্ষকের মাঝে সুসম্পর্ক না থাকে কোনোভাবেই একটি প্রতিষ্ঠান এগিয়ে নেওয়া সম্ভব না।

অনুষ্ঠানের শুরুতে নবীনদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য প্রদান করেন অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ। এসময় তাদেরকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সব শাখার পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নবীনদের পরিচয় করিয়ে দেন।

পরিচয় পর্ব শেষে নবীনদের উদ্দেশ্যে প্রধান পৃষ্ঠপোষক ও উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, আমাদের গ্ৰাজুয়েটরা পুরো বিশ্বে দাপটের সাথে সব সেক্টরে কাজ করে যাচ্ছে। তোমাদেরও দক্ষ ও জ্ঞানসম্পন্ন গ্ৰাজুয়েট হিসেবে বাকৃবি থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয় সম্মান অক্ষুণ্ন রাখতে হবে। শুধু প্রিন্ট করা শিট বা বিভিন্ন এআই টুলসের ওপর নির্ভরশীল না হয়ে পাঠ্যপুস্তক নির্ভর হয়ে দেশের কৃষি ও কৃষকদের ভরসাস্থল হতে হবে এবং তাদের পাশে থাকতে হবে।

উল্লেখ্য, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিন পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, প্রভোস্ট পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রুহুল আমিন, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম এবং রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।