ফল উৎসব ও কর্মশালায় মুখর সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি

রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির (সোকসাস) আয়োজনে মৌসুমি ফল উৎসব ও সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ জুলাই) দুপুর ১২টায় সমিতির নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন। এ ছাড়া অনুষ্ঠানে সমিতির সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবিদ হোসেন, সহসভাপতি লিখন হোসেনসহ সংগঠনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ এবং শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেশীয় মৌসুমি ফলের গুরুত্ব ও স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি নবীন সদস্যদের নিয়ে একটি সংক্ষিপ্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সংবাদ সংগ্রহ, রিপোর্ট লেখার কৌশল, অনুসন্ধানী প্রতিবেদন, ডিজিটাল সাংবাদিকতার চ্যালেঞ্জ ও দায়িত্বশীল সাংবাদিকতার নানা দিক তুলে ধরা হয়। নবীন শিক্ষার্থীদের কর্মশালা প্রধান প্রশিক্ষক হিসেবে ছিল দৈনিক ইত্তেফাকের মাল্টিমিডিয়া ইনচার্জ ফখরুল ইসলামসহ সোকসাসের নেতৃত্ববৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায় বলেন, বর্তমান সময়ে তরুণদের প্রযুক্তিনির্ভর ও দায়িত্বশীল সাংবাদিক হিসেবে গড়ে উঠতে হবে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
বিশেষ অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ ড. ফরিদা ইয়াসমিন বলেন, এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, সাংবাদিকতা চর্চার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, নেতৃত্বগুণ ও সামাজিক দায়বদ্ধতা তৈরিতে কাজ করে যাচ্ছে এই সমিতি।




