যবিপ্রবিতে বিশ্বকাপ খেলা নিয়ে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে মারামারি ও পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের হেনস্তার ঘটনায় পাঁচ সদস্যবিশিষ্ট একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করেছেন। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে ফুটবল বিশ্বকাপের ম্যাচ প্রদর্শন চলাকালে দর্শকদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের এক শিক্ষার্থী আহত হন। এ সময় ক্যাম্পাসে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা পেশাগত দায়িত্বের অংশ হিসেবে ঘটনার ভিডিও ধারণ করতে গেলে একদল উচ্ছৃঙ্খল শিক্ষার্থী তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা সাংবাদিকদের হেনস্তা করে এবং তাদের মোবাইল ফোন কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেয়।
এই হামলায় যবিপ্রবি সাংবাদিক সমিতির সদস্য ও দৈনিক জনকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. ইমরান হোসেন, দ্য ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি মো. সাব্বির আহমেদ এবং দৈনিক সংবাদ পরিক্রমার প্রতিনিধি মাহফুজুল ইসলাম লাঞ্ছিত হন।
প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যমতে, সাংবাদিকদের ওপর হামলার সঙ্গে জড়িতদের মধ্যে রয়েছেন পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কিবরিয়া, ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আহাদ হোসেন সৈকত, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহাফিজ ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজয়সহ আরও কয়েকজন।





