জাবিতে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তকে ধরতে পুরস্কার ঘোষণা

এশিয়া পোস্ট ডেস্ক
জাবিতে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তকে ধরতে পুরস্কার ঘোষণা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গত ১২ মে রাতে এক শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্তকে শনাক্তে পুরস্কার ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. আবদুর রব এবং প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম।

এ সময় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারে একাধিক পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সংবাদ সম্মেলনে প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম নতুন গৃহীত পাঁচটি সিদ্ধান্ত তুলে ধরেন। সেগুলো হলো, ঘটনার তদন্তে সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে, যা ইতোমধ্যে কাজ শুরু করেছে। অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।

এদিকে জেলা পুলিশ, র‍্যাব, ডিবি, পিবিআই, সিআইডি ও ডিএমপিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে অভিযান চালাচ্ছে। পুলিশ সাইবার টিম ও র‍্যাবের ইন্টেলিজেন্স উইংও অনুসন্ধান চালাচ্ছে। এ ছাড়া সরকারের উচ্চ পর্যায় থেকেও আসামিকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

‎সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. আবদুর রব বলেন, ‘এ ন্যক্কারজনক ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন উদ্বেগ প্রকাশ করছে। ঘটনার পর বিভিন্ন ছাত্রসংগঠন ও শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় ১৪টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়, যা ইতোমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে।’

তিনি জানা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বুলিং ও র‍্যাগিং প্রতিরোধে ‘শিক্ষাপ্রতিষ্ঠানে বুলিং ও র‍্যাগিং প্রতিরোধ সংক্রান্ত নীতিমালা-২০২৩’ অনুযায়ী স্থায়ী কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‎এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান, সহকারী প্রক্টরসহ প্রশাসনের কর্মকর্তারা।