চুয়েটের বাস থামিয়ে শিক্ষার্থীকে মারধর, প্রতিবাদে মানববন্ধন আজ

সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলনরত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীদের বহনকারী বাস থামিয়ে হামলার ঘটনা ঘটেছে। এ সময় চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আমিনুল কুদ্দুস চৌধুরীকে মারধর ও হেনস্তা করা হয় বলে অভিযোগ করেছেন তিনি।
সোমবার (১২ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মধুনাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে আজ বিকেলেই মানববন্ধন ডেকেছে শিক্ষার্থীরা।
আমিনুল কুদ্দুস চৌধুরী জানান, সাবেক উপাচার্য অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনে যোগ দিতে তিনি চট্টগ্রাম শহরের বহদ্দারহাট থেকে চুয়েটগামী বাসে ওঠেন। পথে মধুনাঘাট এলাকায় বাসটি থামানো হলে কী হয়েছে, তা দেখতে তিনি নিচে নামেন। পরিস্থিতি সম্পর্কে আগে থেকে কোনো ধারণা ছিল না তার।
তিনি জানান, কাউকে ফোন করার জন্য মোবাইল বের করতেই একদল লোক তাকে ঘিরে ধরে। এরপর তাকে হেনস্তা করা হয় এবং জামাকাপড় ধরে টানাটানি করা হয়। একপর্যায়ে তার চুল ধরে টানাটানি ও মারধর করা হয়। তাকে সেখান থেকে নিয়ে যাওয়ারও চেষ্টা করা হয়। এ সময় তাকে ছাত্রলীগ ও শিবিরের ট্যাগ দিয়ে মারধর করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
আমিনুল আরও জানান, পরিস্থিতি খারাপ হয়ে উঠলে কয়েকজন স্থানীয় ব্যক্তি তাকে সহায়তা করেন এবং নিরাপদ স্থানে সরিয়ে নেন। তাদের সহযোগিতায় তিনি বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান বলে জানান ওই শিক্ষার্থী।
শিক্ষার্থীদের অভিযোগ, স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা এ হামলায় জড়িত। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের নিয়োগের প্রতিবাদে এবং সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে গত ২২ সেপ্টেম্বর থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন চুয়েট শিক্ষার্থীরা। একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশও কর্মবিরতি পালন করছেন। এ আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এদিকে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আজ সোমবার বিকেল ৫টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আহ্বান জানিয়েছেন চুয়েটের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। আয়োজকরা হামলার প্রতিবাদ জানাতে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এ কর্মসূচিতে সবার উপস্থিতি কামনা করেছেন।
