logo
Advertisement

এবার ছিনতাইয়ের শিকার রাবি শিক্ষিকা

এশিয়া পোস্ট নিউজ
এবার ছিনতাইয়ের শিকার রাবি শিক্ষিকা
রাজশাহী বিশ্ববিদ্যালয়। ছবি: ফেসবুক থেকে নেওয়া

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) থিয়েটার বিভাগের শিক্ষিকা ড. কাজী শুসমিন আফসানা ছিনতাইকারীদের কবলে পড়েছেন।

Advertisement

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যার পর নগরীর চন্দ্রিমা আবাসিক এলাকার ১ নম্বর সড়কে হাঁটতে বের হলে তার ব্যাগ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ওই ব্যাগে আইফোনের পাশাপাশি ডেবিট ও ক্রেডিট কার্ড ছিল।

ঘটনার পরপরই চন্দ্রিমা থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষিকা। থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ছিনতাইকারীদের শনাক্ত করতে এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনাসহ পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ঘটনার বিস্তারিত তুলে ধরে নিজের শঙ্কার কথাও জানিয়েছেন ড. কাজী শুসমিন আফসানা। তিনি লেখেন, আজ সন্ধ্যার পর হাঁটতে গিয়ে চন্দ্রিমা আবাসিকের ১ নম্বর রোডে আমার ব্যাগটি ছিনতাই হয়। ব্যাগে আইফোনসহ ডেবিট ও ক্রেডিট কার্ড ছিল। চন্দ্রিমা থানায় অভিযোগ জানিয়েছি; পুলিশ সদস্যরা যথেষ্ট আন্তরিকতা দেখিয়েছেন। দেখা যাক কী হয়।

ছিনতাইয়ের ধরন নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, আমার সবচেয়ে মজবুত ক্রসবেল্ট ব্যাগটি নিয়েই আমি বের হয়েছিলাম। এটি এভাবে হুট করে নিয়ে যাওয়া সহজ ছিল না। আমার মনে হয়, ছিনতাইকারীরা আগে থেকেই আমাকে অনুসরণ করছিল এবং পূর্বপ্রস্তুতি নিয়েই এ ঘটনা ঘটিয়েছে।

আইফোনের নিরাপত্তা নিয়ে সতর্ক থাকার পাশাপাশি পরিচিতজন ও শুভাকাঙ্ক্ষীদেরও সতর্ক করেছেন রাবি শিক্ষিকা। তিনি বলেন, আমার আইফোনটি সহজে আনলক করার কথা নয়। এরপরও যদি দুষ্কৃতকারীরা কোনোভাবে এটি ব্যবহার করে আমার হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার থেকে কারও কাছে টাকা-পয়সা চায় কিংবা অনভিপ্রেত কোনো দাবি করে, তবে সবাই নিশ্চিত থাকবেন—ওটা আমি নই।

থানা পুলিশ ও স্থানীয়দের ধারণা, সন্ধ্যার পর আবাসিক এলাকার কয়েকটি সড়কে নিরাপত্তাব্যবস্থার দুর্বলতার সুযোগ নিয়ে এ ধরনের অপরাধ ঘটতে পারে।

পুলিশ জানিয়েছে, ছিনতাইকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি ছিনতাই হওয়া মালামাল উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

এর আগে গত শনিবার (২৯ আগস্ট) ‎জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইয়ের শিকার হন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রনজিনা পারভীন (৫৫)। চলন্ত রিকশা থেকে রনজিলা পারভিনের ব্যাগ ধরে টান দেয় মোটরসাইকেলে আসা ছিনতাইকারী। মুহূর্তের ভারসাম্য হারিয়ে পিচঢালা রাস্তায় আছড়ে পড়েন শিক্ষিকা। মাথায় গুরুতর আঘাত লাগে তার। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রনজিলা পারভীনকে মৃত ঘোষণা করেন।