সোহরাওয়ার্দী কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ২৫

রাজধানীর পুরান ঢাকায় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে উভয় সংগঠনের অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে দাবি করেছে উভয়পক্ষ।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ৩টার দিকে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
ছাত্রদলের দাবি, তারা দুপুর ৩টার দিকে মিছিল নিয়ে রায়সাহেব বাজারের দিকে যাওয়ার সময় ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের ভেতর থেকে ছাত্রশিবিরের নেতাকর্মীরা ইট, নারিকেলের খোসা ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালান। এতে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি জসিম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল, সিনিয়র সহ-সভাপতি শাকিল আহমেদ সেতু, সহ-সভাপতি রাকিবসহ অন্তত ১০ জন আহত হন।
সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল বলেন, দুপুর ৩টার দিকে আমরা মিছিল নিয়ে রায়সাহেব বাজারের দিকে যাচ্ছিলাম। এ সময় হঠাৎ ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ভেতর থেকে আমাদের লক্ষ্য করে ইট, নারিকেলের খোসা ও লাঠি নিয়ে হামলা করা হয়। এতে সভাপতি জসিম, আমি, সিনিয়র সহ-সভাপতি শাকিল আহমেদ সেতু, সহ-সভাপতি রাকিবসহ অন্তত ১০ জন আহত হই। পরে আমরা হামলা প্রতিহত করি। ছাত্রশিবিরই প্রথমে আমাদের ওপর হামলা চালায়।
অন্যদিকে ছাত্রশিবিরের দাবি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের আহত নেতাকর্মীদের দেখতে হাসপাতালে গেলে তাদের ওপর হামলা চালানো হয়।
সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারি জীবন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের আহত নেতাকর্মীদের দেখতে আমরা হাসপাতালে গিয়েছিলাম। এ সময় সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি জসিমের নেতৃত্বে হাসপাতালের ভেতরে ঢুকে আমাদের ওপর হামলা করা হয়। হামলায় কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি রাজিব, সাথী হুজাইফাসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
.png)

