যবিপ্রবিতে দাবা ও ক্যারম প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আন্তঃবিভাগ দাবা ও ক্যারম প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেশিয়ামে তিন দিনব্যাপী এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়।
৩১ আগস্ট এই প্রতিযোগিতা শুরু হয়। তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন যবিপ্রবির উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ।
প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে এই দাবা ও ক্যারাম প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে-এটি অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। সুন্দর এই আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতেও খেলাধুলার এই ধারা অব্যাহত থাকবে।
বিশেষ অতিথির বক্তব্যে যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, আন্তঃবিভাগ দাবা ও ক্যারম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ অর্জনকারীদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমও একটি বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে ভূমিকা রাখে। পড়াশোনা ও গবেষণার পাশাপাশি এ রকম ক্রীড়া ও সংস্কৃতিচর্চার ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিশেষ অতিথির বক্তব্যে যবিপ্রবির কোষাধ্যক্ষ বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার পাশাপাশি শরীর চর্চার গুরুত্ব অপরিসীম। যবিপ্রবি সবসময় ক্রীড়াতে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। আশা করি, সকলের চেষ্টায় যবিপ্রবি ক্রীড়ায় দেশব্যাপী এই সফলতা আগামীতেও ধরে রাখবে।
অনুষ্ঠানে শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।



