শিক্ষার্থীদের দেশের শ্রেষ্ঠ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, এখন বাংলাদেশ গড়ার দায়িত্ব তোমাদের। আমরা চাই ‘রিভার্স ব্রেইন ড্রেন’ হোক। বিদেশে থাকা মেধাবীরা যেমন দেশে ফিরছেন, তেমনি তোমাকেও এ দেশের শ্রেষ্ঠ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে।
শনিবার (১ আগস্ট) দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সেন্ট্রাল ওরিয়েন্টেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ করে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে কাটানো এই প্রতিটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান। এটিই তোমাদের জীবনের মূল শক্তি ও ভিত্তি। শুধু পরিবার বা জাতি নয়, পুরো বাংলাদেশ তোমাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে।
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। তিনি এই বছর শিক্ষা খাতে ২ শতাংশ বাজেটে দিয়েছেন। যেখানে গত বছর বাজেট ছিল শুধু ২৭ হাজার কোটি টাকা। এই বছর আমরা পেয়েছি ১ লাখ ৩৭ হাজার কোটি টাকা। এ ছাড়া প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে, আগামীতে তিনি আমাদের শিক্ষা খাতের বাজেট জিডিপির ৫ শতাংশ পর্যন্ত উন্নীত করবেন। আমরা চাই ইসলামিক বিশ্ববিদ্যালয় একটি ‘সেন্টার অব এক্সিলেন্স’ হবে।
তিনি আরও বলেন, এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দেশনেত্রী বেগম খালেদা জিয়াও শিক্ষার প্রসারে কাজ করেছেন।

এ সময় বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক মানের করতে বাজেট থেকে সর্বোচ্চ সহযোগিতা করার এবং সরকারের পক্ষ থেকে শিক্ষা, গবেষণা ও কারিকুলাম উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার ঘোষণা দেন তিনি।
ওরিয়েন্টেশন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনূর রহমানের সভাপতিত্বে প্রোগ্রামে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আবদুল খালেক, ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, সদস্য ড. আব্দুল্লাহ আল মামুন, প্রধানমন্ত্রীর এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল এবং মালয়েশিয়া-বাংলাদেশ উন্নয়ন ও বাণিজ্য সম্পর্ক অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক মাহবুব আলম।
এ ছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী, রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তোজাম্মেল হোসেনসহ অন্য শিক্ষক, কর্মচারী-কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
.png)





