logo
Advertisement

বিকেল ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ করল সোহরাওয়ার্দী কলেজ

এশিয়া পোস্ট নিউজ, সোহরাওয়ার্দী কলেজ
বিকেল ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ করল সোহরাওয়ার্দী কলেজ
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ। ছবি: সংগৃহীত

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাসে অবস্থানের সময়সীমা নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে কলেজ প্রশাসন।

Advertisement

সোমবার (২৪ জুলাই) কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. কাকলী মুখোপাধ্যায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিষয়টি প্রকাশিত হলে, এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিকেল ৪টার পর সাধারণ শিক্ষার্থীদের ক্যাম্পাসে অবস্থান করা যাবে না। তবে শিক্ষা-সংশ্লিষ্ট কার্যক্রমের প্রয়োজন হলে সংশ্লিষ্ট বিভাগীয় শিক্ষকের অনুমতি সাপেক্ষে সন্ধ্যা ৬টা পর্যন্ত ক্যাম্পাসে অবস্থানের সুযোগ থাকবে। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো শিক্ষার্থীকে ক্যাম্পাসে অবস্থান না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সিদ্ধান্তে আপত্তি জানিয়েছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, ক্যাম্পাসে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করার প্রয়োজন থাকলেও শিক্ষার্থীদের পড়াশোনা, জ্ঞানচর্চা, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমের বিষয়টি বিবেচনা না করে এ ধরনের সময়সীমা নির্ধারণ করা হলে স্বাভাবিক একাডেমিক পরিবেশ ব্যাহত হবে।

মানবিক বিভাগের শিক্ষার্থী তানিম সরকার বলেন, বিকেল ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ না করে বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট কিছু জায়গা উন্মুক্ত রাখা উচিত। লাইব্রেরি, সেমিনার রুম কিংবা কেন্দ্রীয় মাঠের মতো জায়গাগুলো সন্ধ্যা পর্যন্ত পড়াশোনা ও অনুশীলনের জন্য ব্যবহার করতে দেওয়া উচিত। এসব এলাকায় নিরাপত্তা জোরদার করলেই শৃঙ্খলা বজায় রাখা সম্ভব।

তিনি আরও জানান, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাম্পাসকে স্কুলের মতো ব্যবস্থাপনার পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রয়োজন ও পরিবেশ বিবেচনা করে নীতিমালা করা উচিত।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, ক্যাম্পাস শুধু ক্লাস করার জায়গা নয়; এটি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমের গুরুত্বপূর্ণ ক্ষেত্র। সুস্পষ্ট কারণ ও বিকল্প ব্যবস্থা ছাড়া বিকেল ৪টার পর শিক্ষার্থীদের ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ করা ঠিক সিদ্ধান্ত নয়। অনুমতি নেওয়ার প্রক্রিয়া কী—বিজ্ঞপ্তিতে এসব বিষয়ে স্পষ্ট নির্দেশনা থাকা প্রয়োজন। অন্যথায় নিয়মটি শিক্ষার্থীদের জন্য জটিলতা তৈরি করবে।

কলেজের শিক্ষার্থী বনি আমিন বলেন, মন চাইলো তাই নোটিশ দিলাম, কিন্ডারগার্টেন এর মতো জায়গা। তারপর আবার সরকারি ক্যাম্পাসে নিজের মতো নোটিশ, এটা কোন ধরনের বাচ্চামি জানি না।

তবে কলেজের অধ্যক্ষ ড. কাকলি মুখোপাধ্যায় জানান, শুধু মেয়েরা ৬টার পর কলেজে অবস্থান করতে পারবে না। অন্যরা রাত ৮টা পর্যন্ত থাকতে পারবে। নোটিশ লিখতে হয়ত ভুল হয়েছে। আমি আগামীকালের মধ্যে নোটিশটি সংশোধন করে দেব।

শিক্ষার্থীরা বলছেন, নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করার উদ্যোগকে তারা স্বাগত জানান। তবে এর পাশাপাশি পড়াশোনা, লাইব্রেরি ব্যবহার, সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমসহ প্রয়োজনীয় একাডেমিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার সুযোগও নিশ্চিত করতে হবে।