logo
Advertisement

সংকটের নেপথ্যে বাইরের ও ভেতরের কিছু অংশ জড়িত: ইবি উপাচার্য

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, ইবি
সংকটের নেপথ্যে বাইরের ও ভেতরের কিছু অংশ জড়িত: ইবি উপাচার্য
ইবি উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান। ছবি: এশিয়া পোস্ট

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিগত দুই দিন আগে একটা সংকট (ছাত্রদল-শিবির উত্তেজনা) তৈরির পেছনে বাহিরের কিছু ব্যাড এলিমেন্ট এবং ভেতরের কিছু অংশবিশেষ জড়িত বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে জব কর্নার-২ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান জানান, এই সংকটটি বিশ্ববিদ্যালয়ের ভেতরের ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের মধ্য থেকে তৈরি হয়নি। এই ইনভলভমেন্টটি আমাদের গোয়েন্দা রিপোর্টের তথ্য থেকে আসছে। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনে প্রশাসন সহযোগিতা করবে। শিক্ষার্থীদের শিক্ষার মান ও ক্যারিয়ার উন্নয়নেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

উপাচার্য আরও জানান, কোনো অপশক্তি বা ‘ব্যাড এলিমেন্টের’ কাছে প্রশাসন নতি স্বীকার করবে না। বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো চক্রান্ত যেন না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থেকে সম্মিলিতভাবে তা প্রতিহত করার আহ্বান জানাচ্ছি।

এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী, গ্রন্থাগারিক আবদুল মজিদসহ অন্যান্য উপ-গ্রন্থাগারিক, বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা উপাচার্যের কাছে জব কর্নারে শক্তিশালী ওয়াই-ফাই স্থাপন, এর পরিধি বৃদ্ধি এবং সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত জব কর্নার খোলা রাখার দাবি জানান।