ঢাবি ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার, বহিরাগত প্রবেশে কড়াকড়ি

ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ উপলক্ষে এক রাতের জন্য বহিরাগতদের প্রবেশ এবং সাধারণ যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৯ জুলাই (রোববার) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ২০ জুলাই ভোর ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্যদের ক্যাম্পাসে প্রবেশ সীমিত থাকবে। একই সময়ে ব্যক্তিগত যানবাহনের প্রবেশ ও চলাচলেও কড়াকড়ি আরোপ করা হবে।
তবে বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহনের পাশাপাশি অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী যানবাহন, সাংবাদিক, রাইড-শেয়ারিং সেবা, খাদ্য সরবরাহকারী যান, অনলাইন শপিংয়ের ডেলিভারি যান এবং অন্যান্য জরুরি সরকারি সেবার যানবাহন নির্ধারিত প্রবেশপথ ব্যবহার করে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে।
এ ছাড়া পলাশী থেকে দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মোড় পর্যন্ত সড়কটি যান চলাচলের জন্য উন্মুক্ত থাকবে। তবে গণপরিবহন ও ভারী যানবাহনের প্রবেশ আগের মতোই নিয়ন্ত্রিত থাকবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমের সম্ভাবনা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
.png)






