Advertisement

শাবিপ্রবিতে মাতৃত্বকালীন শিক্ষার্থীদের উপস্থিতি ৪০ শতাংশ করার প্রস্তাব

এশিয়া পোস্ট নিউজ, শাবিপ্রবি
শাবিপ্রবিতে মাতৃত্বকালীন শিক্ষার্থীদের উপস্থিতি ৪০ শতাংশ করার প্রস্তাব
মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি : এশিয়া পোস্ট

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন ও শারীরিক দিক বিবেচনায় পরীক্ষায় অংশগ্রহণের জন্য ন্যূনতম উপস্থিতির হার ৪০ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) দুপুর ১২টায় উপাচার্যের সভাকক্ষে বিভাগীয় প্রধানদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ প্রস্তাব উত্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। একই সঙ্গে সেশনজট নিরসনে দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সভায় উপস্থিত বিভাগীয় প্রধানরা সর্বসম্মতভাবে এই মানবিক প্রস্তাবকে সাধুবাদ জানান এবং সম্মতি প্রকাশ করেন। সিদ্ধান্ত অনুযায়ী, চূড়ান্ত অনুমোদনের জন্য প্রস্তাবটি পরবর্তী একাডেমিক কাউন্সিলে উত্থাপন করা হবে।

একই সভায় শিক্ষার্থীদের একাডেমিক গতিশীলতা বজায় রাখা, উচ্চশিক্ষা এবং সময়মতো কর্মসংস্থানের বিষয়টি বিবেচনায় নিয়ে ত্বরান্বিত উপায়ে পরীক্ষার ফল প্রকাশের নির্দেশ দেন উপাচার্য। সেশনজটমুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষ্যে চলমান সেমিস্টারের ফলাফল আগামী ৩০ জুলাইয়ের মধ্যে প্রকাশের জন্য সব বিভাগীয় প্রধানকে নির্দেশনা দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।