logo

সহকারী ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার পদে নিবন্ধিত ভেটেরিনারিয়ান নিয়োগের দাবি

সহকারী ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার পদে নিবন্ধিত ভেটেরিনারিয়ান নিয়োগের দাবি
মানববন্ধনে ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা। ছবি: এশিয়া পোস্ট

সহকারী ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার (৯ম গ্রেড) পদে শুধু নিবন্ধিত ভেটেরিনারিয়ানদের নিয়োগসহ তিন দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মানববন্ধন করেছেন ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (বিভিএসডব্লিউএ) উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শিক্ষার্থীরা জানান, ভেটেরিনারি পেশার পেশাগত স্বকীয়তা, মর্যাদা ও অধিকার রক্ষায় নিবন্ধিত ভেটেরিনারিয়ানদের দায়িত্ব ও পদায়নের বিষয়টি স্পষ্ট করা প্রয়োজন। বিশেষ করে ক্যাডার কাঠামোর বাইরে নন-ভেটেরিনারিয়ানদের পদোন্নতি দিয়ে নিবন্ধিত ভেটেরিনারিয়ানদের সমকক্ষ বা উচ্চতর পদে পদায়নের সুযোগ বন্ধ করতে হবে।

মানববন্ধন থেকে বিভিএসডব্লিউএর সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন সিয়াম শিক্ষার্থীদের পক্ষ থেকে তিন দফা দাবি তুলে ধরেন।

দাবিগুলো–প্রতিটি উপজেলায় চারজন করে ভেটেরিনারি সার্জনের পদ দ্রুত সৃজন করে নিবন্ধিত ভেটেরিনারিয়ানদের নিয়োগ কার্যকর করা, সহকারী ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার (৯ম গ্রেড) পদে শুধু নিবন্ধিত ভেটেরিনারিয়ানদের নিয়োগ দেওয়া এবং ক্যাডার কাঠামোর বাইরে নন-ভেটেরিনারিয়ানদের পদোন্নতি দিয়ে নিবন্ধিত ভেটেরিনারিয়ানদের সমকক্ষ বা উচ্চতর পদে পদায়নের সুযোগ ভবিষ্যতে না রাখা।

বুরহান উদ্দিন সিয়াম জানান, অর্থ মন্ত্রণালয় কর্তৃক সহকারী ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার পদটি সৃষ্টির পর আমাদের মধ্যে সংশয় তৈরি হয়েছে ডিপ্লোমাধারীদের এই পদে নিয়োগ দেওয়া হলে তারা কার অধীনে এবং কীভাবে কাজ করবেন। বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন অনুযায়ী যে কোনো সিদ্ধান্ত কেবল নিবন্ধিত ভেটেরিনারিয়ানরাই নিতে পারেন। প্যারাভেটরা তাদের অধীনে থেকে প্রাথমিক চিকিৎসা, টিকাদান বা কৃত্রিম প্রজননের মতো কাজ সম্পাদন করেন।

তিনি আরও জানান, উপজেলা পর্যায়ে সরাসরি কোনো ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার না থাকা অবস্থায় ডিপ্লোমাধারীদের এমন দায়িত্বশীল পদে নিয়োগ দেওয়া হলে তা ভেটেরিনারিয়ানদের পেশা, জনস্বাস্থ্য ও প্রাণিকল্যাণের জন্য হুমকি তৈরি করতে পারে।

ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী মুশফিকুর রহমান জানান, আমরা চাই সংশ্লিষ্ট দপ্তরগুলো আমাদের দাবি পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক। আমরা মনে করি আমাদের দাবিগুলো যৌক্তিক। দাবি পূরণ না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। সরকার তাদের দেওয়া সিদ্ধান্ত অনুযায়ী দ্রুত পদক্ষেপ নেবে বলে আমরা প্রত্যাশা করি।

বাকৃবি শিক্ষার্থী তানভীন ইসলাম লাবণ্য জানান, ভেটেরিনারিয়ানরা হেলথ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে সহকারী হেলথ অফিসার পদে অন্যদের নিয়োগের বিষয়টি আমাদের মধ্যে প্রশ্ন তৈরি করেছে। আমরা দীর্ঘ সময় পড়াশোনা করে ভেটেরিনারি ডিগ্রি অর্জন করি। এরপর যদি ডিপ্লোমাধারীদের অধীনে কাজ করতে হয়, তাহলে বিষয়টি আমাদের কাছে অসামঞ্জস্যপূর্ণ মনে হয়।