পাবিপ্রবিতে র্যাগিংয়ের অভিযোগ তদন্তে ‘ফ্যাক্টস ফাইন্ডিং’ কমিটি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগে র্যাগিংয়ের অভিযোগের ঘটনায় তিন সদস্যের একটি ‘ফ্যাক্টস ফাইন্ডিং’ (তথ্যানুসন্ধান) কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (২২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, গত ২১ জুলাই ফার্মেসি বিভাগের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে একই বিভাগের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮তম ব্যাচ) নবীন শিক্ষার্থী মুশফিকুর রহমান তুহিনকে র্যাগিং দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনার সত্যতা উদ্ঘাটন, তথ্য সংগ্রহ ও প্রাথমিক তদন্তের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শামীম রেজাক আহ্বায়ক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদুল হককে সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামানকে সদস্যসচিব করা হয়েছে।
অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে। প্রয়োজনে কমিটি বিধি অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন জারি করতে পারবে।
এর আগে র্যাগিংয়ের শিকার হয়ে অসুস্থ হয়ে পড়া ওই নবীন শিক্ষার্থীকে প্রথমে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত শেষে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
.png)





