logo
Advertisement

রাবিতে ফুটবল খেলা নিয়ে দুই বিভাগের সংঘর্ষ, আহত ২

রাবিতে ফুটবল খেলা নিয়ে দুই বিভাগের সংঘর্ষ, আহত ২
রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে আন্তঃবিভাগ ফুটবল ম্যাচ চলাকালে দুই দলের খেলোয়াড় ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও উত্তপ্ত পরিস্থিতি। ছবি: এশিয়া পোস্ট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃবিভাগ ফুটবল খেলাকে কেন্দ্র করে চিকিৎসা মনোবিজ্ঞান ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও হাতাহাতির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। এতে দুই বিভাগের দুই খেলোয়াড় আহত হয়েছেন।

জানা যায়, নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হওয়ায় তা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ইতিহাস বিভাগ ৩-১ গোলে জয়লাভ করে। ম্যাচ শেষে ইতিহাস বিভাগের খেলোয়াড়দের উদ্‌যাপনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে ইতিহাস বিভাগের খেলোয়াড় জীম ও চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের খেলোয়াড় তানভীর আহত হন।

ঘটনার বিষয়ে জানতে চাইলে ইতিহাস বিভাগের খেলোয়াড় সানাউল্লাহ রাফসান বলেন, ম্যাচের শুরু থেকেই চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের খেলোয়াড়রা আক্রমণাত্মক আচরণ করছিলেন এবং অকথ্য ভাষায় গালাগালি করছিলেন। তবে আমরা সেটাকে খেলারই একটি অংশ হিসেবে ধরে নিয়েছিলাম। ম্যাচ জেতার পর আমরা যখন উদ্‌যাপন করছিলাম, তখন তারা তা মেনে নিতে পারেনি। একপর্যায়ে চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের খেলোয়াড় হৃদয় আমাদের এক খেলোয়াড়কে বুট দিয়ে আঘাত করেন, এতে তার মাথা ফেটে যায়। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

অন্যদিকে চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের খেলোয়াড় তানভীর জামান বলেন, ইতিহাস বিভাগ ম্যাচ জিতেছে, আমরা তাদের অভিনন্দন জানাচ্ছি। কিন্তু জয়ের পরই ইতিহাস বিভাগের গ্যালারি থেকে আমাদের গোলকিপারের ওপর ইট নিক্ষেপ করা হয়। বিষয়টি ইতিহাস বিভাগের অধিনায়ককে দেখাতে গেলে তারা উল্টো দাবি করে—আমাদের খেলোয়াড় নাকি ইট নিয়ে তাদের মারতে গেছেন। এরপর তাদের সব খেলোয়াড় মিলে আমাদের গোলকিপারের ওপর হামলা চালায়। আমরা তাকে বাঁচাতে গেলে হাতাহাতির সৃষ্টি হয়। একপর্যায়ে তাদের বিভাগের শিক্ষার্থীরা গ্যালারি ভেঙে আমাদের দর্শকদের দিকে তেড়ে আসে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর গিয়াস উদ্দীন আহমেদ বলেন, খেলা শেষে মারামারির খবর পেয়ে আমরা দ্রুত স্টেডিয়ামে যাই এবং খুব অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে স্টেডিয়াম এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।