শিক্ষার্থীদের সেবাই প্রধান দায়িত্ব: শাবিপ্রবি ভিসি

এশিয়া পোস্ট নিউজ, শাবিপ্রবি
শিক্ষার্থীদের সেবাই প্রধান দায়িত্ব: শাবিপ্রবি ভিসি
ফল উৎসবে বক্তব্য দেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: এশিয়া পোস্ট

শিক্ষার্থীদের পাশে থেকে যে কোনো সমস্যা সমাধানে নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তাকে বিশ্ববিদ্যালয়ে একজন ‘সার্ভিস প্রোভাইডার’ হিসেবে পাঠিয়েছেন। তাই শিক্ষার্থীদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করাই তার দায়িত্ব।

বুধবার (১৫ জুলাই) বাংলা সমিতি আয়োজিত ফল উৎসবে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা সবাই একটি পরিবারের সদস্য। পরিবারে নানা ধরনের সমস্যা থাকা স্বাভাবিক। তবে সব সমস্যার সমাধান রাতারাতি করা সম্ভব নয়। আমার হাতে কিছু করার সুযোগ থাকলে মেয়েদের জন্যই আগে কাজ করব। কারণ, আমার অগ্রাধিকার তালিকায় মেয়েরা রয়েছে। তাদের সমস্যাও তুলনামূলক বেশি।

তিনি বলেন, আমরা ভালো কিছু করতে চাই। তোমরা পাশে থাকলে তা বাস্তবায়ন করা সম্ভব।

উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার প্রথম দিন থেকেই পড়াশোনার প্রতি মনোযোগী হতে হবে। নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে এবং এখন থেকেই দায়িত্বশীল ও মনোযোগী হতে হবে। আমার প্রত্যাশা, তোমরা নিয়মিত পড়াশোনা করবে।

তিনি শিক্ষার্থীদের যে কোনো সমস্যা হলে তা সমাধানের জন্য সংশ্লিষ্টদের জানানোর পরামর্শ দিয়ে বলেন, কোনো সমস্যা হলে প্রথমে বিভাগের দুইজন ছাত্র উপদেষ্টা, বিভাগীয় প্রধান, ডিনসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের জানাবে। তাদের মাধ্যমে সমাধান না হলে আমার মোবাইল নম্বর তোমাদের কাছে রয়েছে। প্রয়োজনে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবে।

অনুষ্ঠানে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. রিজাউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন, লাইব্রেরি প্রশাসক অধ্যাপক মুহ. মিজানুর রহমানসহ আরও অনেকে।