বহিরাগতদের নিয়ে ইবি ছাত্রদলের মিছিল, সমালোচনার ঝড়

নতুন আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে বহিরাগতদের নিয়ে শুভেচ্ছা মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।
শনিবার (১১ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে এই মিছিল শুরু হয়।
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর ও স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। পরে প্রশাসন ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে এটি শেষ হয়। মিছিলে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তবে এর মধ্যে অন্তত আড়াই থেকে তিন শতাধিক কর্মীই ছিলেন কুষ্টিয়া ও ঝিনাইদহের বিভিন্ন স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ বহিরাগতরা। এ নিয়ে ক্যাম্পাসের শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে নিরাপত্তা এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।
জানা যায়, নতুন কমিটির আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ ও সদস্য সচিব রাফিজ আহমেদের নেতৃত্বে এই মিছিল হয়। মিছিলে উপস্থিত ছিলেন যুগ্ম-আহ্বায়ক নুর উদ্দিন, সদ্য সাবেক আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সাবেক সভাপতি হুমায়ুন বাবর ফিরোজ, ওমর ফারুক, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদসহ অন্য নেতাকর্মীরা।
মিছিলে অংশ নেওয়া বেশ কয়েকজন বহিরাগতের সঙ্গে কথা বলে জানা যায়, তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। তারা ক্যাম্পাসসংলগ্ন মধুপুর, শেরপুর ও লক্ষ্মীপুরসহ বিভিন্ন এলাকা থেকে এসেছেন। তাদের অধিকাংশই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী। তারা জানান, ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় এবং ক্যাম্পাসের ছাত্রদলের সিনিয়র নেতাকর্মীদের আহ্বানে সাড়া দিয়ে তারা মিছিলে অংশ নিয়েছেন।
এদিকে বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে কর্মসূচি পালন নিয়ে শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা করেছেন। শিক্ষার্থীরা বলছেন, নিরাপত্তার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করেছে। কিন্তু যারা শিক্ষার্থীবান্ধব কার্যক্রম পরিচালনা করবে, শিক্ষার্থীদের সমস্যা নিয়ে কাজ করবে তারাই যদি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশের সুযোগ করে দেয় তাহলে আমরা নিরাপত্তা আশঙ্কায় থাকি। বহিরাগতের অবাধ যাওয়া-আসায় ক্যাম্পাসে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি আমলে নিয়ে বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণে আরও কঠোর ভূমিকার আহ্বান জানান তারা।
বহিরাগতদের বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন এশিয়া পোস্টকে বলেন, আবেগের জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নতুন কমিটিকে শুভেচ্ছা জানাতে ক্যাম্পাসের বাইরে থেকে নেতাকর্মীরা আসছেন। এটা তো আর নিষেধ করা যায় না।
প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান এশিয়া পোস্টকে বলেন, ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ। ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে এ ব্যাপারে কথা বলবো। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সে বিষয়ে তাদেরকে সতর্ক করা হবে।





