কুবির হলে সিসিটিভি ক্যামেরা ভাঙচুর, প্রভোস্টকেই কক্ষে যেতে বললেন অভিযুক্ত শিক্ষার্থী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলের নতুন ব্লকের চতুর্থ তলার করিডোরে থাকা দুটি সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের অভিযোগ উঠেছে এক শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্ত শিক্ষার্থীকে শনাক্ত করেছে হল প্রশাসন। পরে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
অভিযুক্ত শিক্ষার্থীর নাম অলি আহমেদ দয়াল। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিজয়-২৪ হলের ৪০৫ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী।
হল প্রশাসন সূত্রে জানা যায়, গতকাল রোববার হলের নতুন ব্লকের চতুর্থ তলার করিডোর দিয়ে যাওয়ার সময় লাফ দিয়ে দুটি সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করেন দয়াল। পরে ফুটেজ বিশ্লেষণ করে তাকে শনাক্ত করা হয়।
হল প্রশাসন আরও জানায়, ঘটনার বিষয়ে অবগত হওয়ার পর অভিযুক্ত শিক্ষার্থীকে ফোন করে প্রভোস্টের সঙ্গে দেখা করতে বলা হয়। তবে তিনি উল্টো প্রভোস্টকে তার কক্ষে গিয়ে দেখা করতে বলেন। পরে প্রভোস্টসহ হল প্রশাসনের সদস্যরা তার কক্ষে গেলে তাকে সেখানে পাওয়া যায়নি। এরপর একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী ১৪ অক্টোবরের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। তার জবাব পর্যালোচনা করে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে হল প্রশাসন।
এ বিষয়ে অভিযুক্ত অলি আহমেদ দয়ালের মোবাইলে কল করা হলে প্রতিবেদকের পরিচয় শোনার পর তিনি কল কেটে দেন। পরে একাধিকবার ফোন করা হলেও ফোন রিসিভ হয়নি।
এ বিষয়ে বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. মো. মহিউদ্দিন এশিয়া পোস্টকে বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ক্যামেরা ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীকে শনাক্ত করা হয়েছে। তার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে হলে পাওয়া যায়নি। একাধিকবার ফোন করেও সাড়া না পাওয়ায় তার কক্ষে কারণ দর্শানোর নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তার জবাব পাওয়ার পর সে অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
