Advertisement

আনসার পেটানো শেকৃবির সেই ছাত্রদল নেতা বহিষ্কার

এশিয়া পোস্ট নিউজ, শেকৃবি
আনসার পেটানো শেকৃবির সেই ছাত্রদল নেতা বহিষ্কার
বহিষ্কার ছাত্রদল নেতা জিল্লুর রহমান। ছবি: সংগৃহীত

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) প্রধান ফটকে দায়িত্বরত এক আনসার সদস্যকে মারধরের ঘটনায় ছাত্রদল নেতা জিল্লুর রহমানকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহসভাপতির পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা জিল্লুর রহমানকে দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন।

এর আগে, গত ২১ জুলাই দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে প্রবেশের সময় জিল্লুরের কাছে পরিচয়পত্র দেখতে চান দায়িত্বরত এক আনসার সদস্য। এ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ওই আনসার সদস্যকে মারধর করেন জিল্লুর রহমান।

ঘটনাটি ক্যাম্পাসে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। পরবর্তীতে বিষয়টি তদন্ত করে এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।