Advertisement

বাস-মাহিন্দ্র সংঘর্ষে নিহত ১, ববি শিক্ষার্থীসহ আহত ৪

এশিয়া পোস্ট নিউজ, ববি
বাস-মাহিন্দ্র সংঘর্ষে নিহত ১, ববি শিক্ষার্থীসহ আহত ৪
সংঘর্ষে ক্ষতিগ্রস্থ মাহিন্দ্র। ছবি: এশিয়া পোস্ট

বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া ব্রিজে বাস ও মাহিন্দ্রর সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থীসহ চারজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

Advertisement

রোববার (৯ আগস্ট) দুপুর সাড়ে ৩টায় দপদপিয়া ব্রিজে এ দুর্ঘটনাটি ঘটে।

আহতদের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত রয়েছেন। দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পটুয়াখালীগামী একটি যাত্রীবাহী বাস ধীরগতিতে দপদপিয়া ব্রিজের দিকে উঠছিল। এ সময় বিপরীত দিক থেকে যাত্রীবোঝাই একটি মাহিন্দ্র এলে বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা যাত্রীরা হতাহত হন।

বাসের এক যাত্রী বলেন, বাসটি ধীরগতিতে ব্রিজের দিকে উঠছিল। হঠাৎ বিপরীত দিক থেকে একটি মাহিন্দ্র সামনে চলে এলে বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল মামুন-উল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, সর্বশেষ তথ্যমতে একজন নিহত হয়েছেন এবং চারজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর মহাসড়কে কিছুসময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।