নজরুলের চেতনায় সাংস্কৃতিক চর্চা, ডাকসুর পুরস্কার বিতরণ

কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবিকতা ও অসাম্প্রদায়িকতার চেতনা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে এ আয়োজনের আনুষ্ঠানিকতা।
রোববার (৯ আগস্ট) বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সভাকক্ষে কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। বিশেষ অতিথি ছিলেন ডাকসুর জিএস এস এম ফরহাদ।
প্রতিযোগিতার কবিতা বিভাগে প্রথম হয়েছেন শামসুন নাহার হলের শিক্ষার্থী সৈয়দা মুবাশ্বিরা মৌলি। দ্বিতীয় হয়েছেন বিজয় একাত্তর হলের আকরামুজ্জামান এবং তৃতীয় হয়েছেন রোকেয়া হলের ফারিয়া দিলরুবা।
সংগীত বিভাগে প্রথম স্থান অর্জন করেন ফজিলাতুন্নেছা হলের অর্পিতা দে। দ্বিতীয় হন জগন্নাথ হলের দীপ্ত সেন এবং তৃতীয় স্থান অর্জন করেন শামসুন্নাহার হলের সায়মা বিনতে ইসমাইল।
পরে বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।
অনুষ্ঠানে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, কাজী নজরুল ইসলামের সাহিত্য ও দর্শন বাংলা ভাষার সাংস্কৃতিক ও মানবিক চেতনার গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষার্থীদের মধ্যে নজরুলের অসাম্প্রদায়িকতা, সাম্য, মানবিকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের চেতনা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চার সুযোগ তৈরি করাও ডাকসুর দায়িত্ব। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি ক্যাম্পাসে সুস্থ সাংস্কৃতিক পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে।
ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, নজরুলের সাহিত্য অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, সাম্য ও মানবিকতার চর্চা করতে শেখায়। শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি নজরুলের চেতনাকে ধারণ করে একটি মুক্ত ও মানবিক ক্যাম্পাস গড়ে তুলতে ডাকসু কাজ করে যাবে।
অনুষ্ঠানে ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইকবাল হায়দারসহ বিভিন্ন সম্পাদক, সদস্য ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাকসুর সদস্য রিয়াদুল ইসলাম জুবা।
.png)


