Advertisement

ঢাবিকে হারিয়ে আন্তবিশ্ববিদ্যালয় বিতর্কে চ্যাম্পিয়ন বুটেক্স

এশিয়া পোস্ট নিউজ, বুটেক্স
ঢাবিকে হারিয়ে আন্তবিশ্ববিদ্যালয় বিতর্কে চ্যাম্পিয়ন বুটেক্স
বুটেক্স বিতর্ক দল ‘বুটেক্সডিসি বুনন’। ছবি : এশিয়া পোস্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে আয়োজিত আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৬-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) বিতর্ক দল ‘বুটেক্সডিসি বুনন’। চূড়ান্ত পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটিকে হারিয়ে শিরোপা জেতে দলটি।

Advertisement

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে ‘প্রথম আলো’ কার্যালয়ে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ব্র্যাকের সহযোগিতায় প্রতিযোগিতাটির আয়োজন করে প্রথম আলো বন্ধুসভা। ঢাকার চারটি সরকারি ও চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক দল এতে প্রতিদ্বন্দ্বিতা করে।

সংসদীয় ধারার এ বিতর্কের প্রথম পর্বে ৮টি দল অংশ নেয়। সেখান থেকে বিচারকদের রায়ে চারটি দল সেমিফাইনালে এবং বিজয়ী দুটি দল চূড়ান্ত পর্বে মুখোমুখি হয়। জমজমাট ফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটিকে পরাজিত করে ট্রফি উঁচিয়ে ধরে ‘বুটেক্সডিসি বুনন’।

চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন বুটেক্সের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী মাহমুদুল হাসান (ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ), সাদ আল আশরাফি (অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগ) এবং মোহাম্মদ শহিদুল ইসলাম (ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ)। ফাইনালে দূরদর্শী তর্ক ও যুক্তির দ্যুতি ছড়িয়ে ‘শ্রেষ্ঠ বিতার্কিক’ নির্বাচিত হন মোহাম্মদ শহিদুল ইসলাম।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বুটেক্স ডিবেটিং ক্লাবের সভাপতি মাহমুদুল হাসান বলেন, ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটির এটি প্রথম সাফল্য। বড় মঞ্চে বিশ্ববিদ্যালয়কে তুলে ধরা এবং বুটেক্স ডিবেটিং ক্লাবের জয়ের ধারা অব্যাহত রাখতে পেরে আমরা গর্বিত।

সাধারণ সম্পাদক সাদ আল আশরাফি জানান, এই গৌরবময় অর্জন ক্লাবের সদস্য, শিক্ষক ও শুভানুধ্যায়ী সবার কঠোর পরিশ্রমের ফল। অন্যদিকে শ্রেষ্ঠ বিতার্কিক মোহাম্মদ শহিদুল ইসলাম জাতীয় পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন।

অনুষ্ঠানে ব্র্যাকের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও মাইগ্রেশন কর্মসূচির পরিচালক সাফি রহমান খান, ইউএনডিপি বাংলাদেশের ‘হেড অব কমিউনিকেশনস’ মো. আব্দুল কাইয়ুম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. রাশেদা রওনক খান উপস্থিত ছিলেন। বন্ধুসভার বিতর্ক ও অনুষ্ঠান সম্পাদক এস এম কামরুল ইসলামের সঞ্চালনায় সমাপনী পর্বে বিজয়ী ও বিজিত দলের বিতার্কিক, বিচারক ও অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।