logo

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্রী ফুটবলে চ্যাম্পিয়ন জাতীয় বিশ্ববিদ্যালয়

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্রী ফুটবলে চ্যাম্পিয়ন জাতীয় বিশ্ববিদ্যালয়
আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্রী ফুটবলে চ্যাম্পিয়ন জাতীয় বিশ্ববিদ্যালয়। ছবি: জাতীয় বিশ্ববিদ্যালয়

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্রী ফুটবল ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ফাইনালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ১–০ গোলে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফুটবল দল। এ ইভেন্টে রানার্সআপ হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রতিযোগিতায় সাতটি বিশ্ববিদ্যালয়ের দল অংশ নেয়।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় বিশ্ববিদ্যালয় সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শনিবার গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের সিনেট হলে আয়োজিত চার দিনব্যাপী চলা এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের হাতে ট্রফি তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ।

প্রতিযোগিতার দাবা ইভেন্টে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। রানার্সআপ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়। দাবা ইভেন্টে দেশের ২৭টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। ফুটবল ও দাবা উভয় ইভেন্টের বিজয়ীদের হাতে অনুষ্ঠানে ট্রফি তুলে দেন অতিথিরা।

গত ১৪ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হওয়া এই প্রতিযোগিতায় দেশের ২৭টি বিশ্ববিদ্যালয়ের মোট ১০৮ শিক্ষার্থী অংশ নেন। দাবা প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের অরবিটাররা।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, খেলাধুলায় আরও বেশি বিনিয়োগ করতে চায় জাতীয় বিশ্ববিদ্যালয়। আনন্দের সঙ্গে শেখার যে পরিবেশ একসময় শিক্ষার্থীদের মধ্যে ছিল, তা অনেকটাই হারিয়ে গেছে। খেলাধুলাকে আবারও জাগিয়ে তুলতে হবে এবং সারা দেশে ছড়িয়ে দিতে হবে। শিক্ষার্থীদের মধ্যে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বা আনন্দের সঙ্গে শেখার পরিবেশ ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ড. আমানুল্লাহ বলেন, দেশের আটটি বিভাগে স্পোর্টস সায়েন্স বিভাগ চালু করার পরিকল্পনা রয়েছে। আধুনিক ও বিশ্বমানের স্পোর্টস সায়েন্স বিভাগ প্রতিষ্ঠা করা আমাদের স্বপ্ন।

নারী ফুটবলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তাছলিমা আক্তার সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাদিয়া। আর সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিমা।

অনুষ্ঠানের সভাপতি প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহসহ অন্যরাও বক্তব্য দেন।