অদম্য ইচ্ছাশক্তি থাকলে স্বপ্ন বাস্তবায়ন অসম্ভব নয়: ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, অদম্য ইচ্ছাশক্তি থাকলে স্বপ্ন বাস্তবায়ন অসম্ভব নয়। শুধু আপনাদের একটু কষ্ট করে কাজ করতে হবে। সবচেয়ে বেশি কাজ যেটা করতে হবে, সেটা হলো আপনাদের অনেক ভালো করে পড়তে হবে। আপনারা একটু মনোযোগ দিয়ে যদি পড়াশোনা করেন, কোনোটাই আপনাদের হাতের বাইরে থাকবে না।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘পায়ের ছাপ’ নামে প্রামাণ্য তথ্যচিত্র প্রদর্শনীতে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, আগামী দিনগুলোতে আমার মনে হয় বুটেক্সের জায়গাটা অনেক বড়ো। আজ থেকে ২৫০ বছর আগে বিশ্ব অর্থনীতিতে ১০ শতাংশ ছিল এই বাংলায়। এটার মূল কারণ ছিল আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি। বর্তমানে তৈরি পোশাক শিল্পে আমরা বিশ্বে দ্বিতীয় অবস্থানে। কিন্তু বিশ্বের ১০ শতাংশ অর্থনীতি আমাদের এখানে আনতে বুটেক্সের অনেক বড়ো অবদান রাখার সুযোগ আছে।
সভাপতির বক্তব্যে বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন বলেন, আয়শা অদম্য, দুটি হাত না থাকার পরেও সে দুটি পায়ের মাধ্যমেই হাতের কাজ করেছে। দুর্গম অঞ্চলে হেঁটে দীর্ঘ সময় ব্যয় করে সে স্কুলে গিয়েছে, স্কুলে পড়াশোনা করেছে এবং সে বিভিন্ন পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে। সর্বশেষ পরিণতি যে আজকে তার একটি চাকরি হয়েছে এবং সে তার জীবনে সফলতা অর্জন করেছে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, এই মুহূর্তে তোমরা যারা প্রাইমারি বা হাইস্কুলে পড়াশোনা করছো, এখনই তোমাদের শিক্ষার মূল ভিত তৈরি করার সময়। সেজন্য তোমাদের পরিশ্রম করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু, ইস্টার্ন ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান এ টি এম ওহিদুজ্জামান এবং ‘পায়ের ছাপ’ তথ্যচিত্রের পরিচালক ও চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মোস্তফা মল্লিক।
অনুষ্ঠানে তেজগাঁও শিল্প এলাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ মনু মিয়া সরকারি উচ্চবিদ্যালয় এবং বিজি প্রেস উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তাদের জন্য বিশেষভাবে ‘পায়ের ছাপ’ ও ‘সুতোর মহাকাব্য’ প্রামাণ্য তথ্যচিত্র দুটি প্রদর্শন করা হয়।
.png)





