Advertisement

গাড়িবহরে ছাত্রদলের হামলায় ববিতে ছাত্রশক্তির বিক্ষোভ

এশিয়া পোস্ট নিউজ, ববি
গাড়িবহরে ছাত্রদলের হামলায় ববিতে ছাত্রশক্তির বিক্ষোভ
গাড়িবহরে ছাত্রদলের হামলার প্রতিবাদে বিক্ষোভ করে ববি ছাত্রশক্তির নেতাকর্মী। ছবি: এশিয়া পোস্ট

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের গাড়িবহরে ছাত্রদলের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় ছাত্রশক্তি বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা। এ সময় ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় তারা।

বুধবার (২৯ জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাতীয় ছাত্রশক্তির বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো. বেলাল হোসেন বলেন, ৫ আগস্টের পর আমরা যে দায় ও দরদের রাজনীতির কথা বলে এসেছি, বিএনপি সেই দায় ও দরদের রাজনীতি থেকে দূরে সরে গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী তার দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ। এই ব্যর্থতার দায় নিয়ে তার পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, আপনাদের মতে, ভাষার কারণে পাটওয়ারীর ওপর হামলা হয়েছে। পাটওয়ারীকে সমালোচনা করার সুযোগ করে দিয়েছে কে? আপনারা গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন, সংস্কারকে পায়ে মাড়িয়েছেন। আপনাদের দলের নেতাকর্মীরা চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাস চালিয়ে যাবে, আর পাটওয়ারী বললেই দোষ?

হামলার ঘটনায় আহত ছাত্রশক্তির নেতা আলিফ চৌধুরীর প্রসঙ্গ উল্লেখ করে তিনি আরও বলেন, তার কী দোষ ছিল? আমরা আশঙ্কা করছি, হয়ত আলিফের চোখটি আর বাঁচাতে পারব না। জুলাইয়ে আমাদের অনেক ভাই অঙ্গহানির শিকার হয়েছেন। সেই জুলাইয়ের চেতনাকে সামনে রেখেও এবার সেই তালিকায় নতুন নাম যোগ করেছে বিএনপি।

জাতীয় ছাত্রশক্তি, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস. এম. ওয়াহিদুর রহমান বলেন, গতকাল হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা কর্মসূচিতে নাসিরুদ্দিন পাটওয়ারী ও সারজিস আলমের ওপর হামলার জেরে উপস্থিত এনসিপির নেতারা ও জাতীয় ছাত্রশক্তির ছাত্রনেতাদের ওপর অতর্কিত হামলা চালায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের বর্বর ও সন্ত্রাসী পেটোয়া বাহিনী।

এটি ৫ আগস্ট-পরবর্তী গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে যাওয়া বাংলাদেশের রাজনৈতিক স্বাধীনতার প্রতি নির্মম কুঠারাঘাত বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপি আবার তাদের মাফিয়াতান্ত্রিক অন্ধকার যুগে ফিরে যাচ্ছে। জুলাই অভ্যুত্থানের সক্রিয় শক্তি হিসেবে জাতীয় ছাত্রশক্তি এই পৈশাচিক ও বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানায়, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবির পাশাপাশি অতিসত্বর সরকারের কাছে আলিফের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার দাবি জানায়।