কানাডায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার অনুষ্ঠিত

কানাডার টরন্টোতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী ও পিকনিক। ‘প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অ্যালামনাই গেট-টুগেদার, পিকনিক ইন নর্থ আমেরিকা’ শীর্ষক এই আয়োজন গত ২৬ সেপ্টেম্বর ওন্টারিও অঙ্গরাজ্যের টরন্টো আইল্যান্ডসের ল্যাগুন পিকনিক শেল্টারে দিনব্যাপী অনুষ্ঠিত হয়।
উত্তর আমেরিকায় বসবাসরত বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও পুরোনো স্মৃতিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যেই এই মিলনমেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যরাও অংশগ্রহণ করেন এবং দিনভর নানা আনন্দঘন কর্মকাণ্ডে মেতে ওঠেন।
অনুষ্ঠানজুড়ে প্রবাসে থাকা সাবেক শিক্ষার্থীদের মাঝে এক আন্তরিক ও প্রীতিময় পরিবেশের সৃষ্টি হয়। অংশগ্রহণকারীরা শিক্ষাজীবনের পুরোনো স্মৃতিচারণ করেন এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাদের স্মৃতিবিজড়িত সম্পর্কের কথা তুলে ধরেন। একই সঙ্গে আগামীতেও উত্তর আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে অ্যালামনাইদের নিয়ে এ ধরনের মিলনমেলা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।
আয়োজকেরা জানান, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সাবেক শিক্ষার্থীদের সম্পর্ক শুধু শিক্ষাজীবনেই সীমাবদ্ধ থাকে না; বরং সময় ও ভৌগোলিক দূরত্ব পেরিয়ে সেই বন্ধনকে আরও দৃঢ় করাই এই অ্যালামনাই কার্যক্রমের মূল উদ্দেশ্য। এই সফল আয়োজনের মাধ্যমে উত্তর আমেরিকায় অবস্থানরত প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাইদের মেলবন্ধন ও সম্প্রীতি আরও সুদৃঢ় হলো।