Advertisement

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠিত

এশিয়া পোস্ট ডেস্ক
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠিত
ছবি : সংগৃহীত

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (পিসিআইইউ) ফল-২০২৬ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আলী চৌধুরী। ওরিয়েন্টেশন বক্তা ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অধীন ট্যাকসেস আপিলাত ট্রাইব্যুনালের (গ্রেড-১) প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ আবু দাউদ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান। তিনি নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় পরিবারে স্বাগত জানিয়ে একাডেমিক উৎকর্ষ অর্জনের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় থাকার আহ্বান জানান।

ওরিয়েন্টেশন বক্তা সৈয়দ মোহাম্মদ আবু দাউদ বলেন, যে বিভাগেই পড়াশোনা করা হোক না কেন, নিজ নিজ ক্ষেত্রে সেরাদের একজন হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। তিনি সময়ের যথাযথ ব্যবহার, আত্মউন্নয়ন এবং পেশাগত উৎকর্ষ অর্জনে ধারাবাহিক প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয় জীবন জ্ঞান, দক্ষতা ও ব্যক্তিত্ব বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। তিনি শিক্ষার্থীদের সৃজনশীলতা, নৈতিক মূল্যবোধ, নেতৃত্বগুণ ও সামাজিক দায়বদ্ধতার চর্চার মাধ্যমে যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

বিশেষ অতিথি অধ্যাপক ড. মোহাম্মদ আলী চৌধুরী বলেন, সততা, মানবিকতা ও সুশিক্ষা একজন শিক্ষার্থীর জীবনের মৌলিক ভিত্তি। লক্ষ্য অর্জনে সততা, নিষ্ঠা, অধ্যবসায় ও নিয়মানুবর্তিতার বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, অতিথি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক তামান্না মোহাম্মদ আলী এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক জুশান আব্দুল্লাহ।

পরে বিশ্ববিদ্যালয়ের কালচারাল ফোরামের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নৃত্য, সংগীতসহ বিভিন্ন পরিবেশনায় নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।