চবির সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

এশিয়া পোস্ট নিউজ, চবি
চবির সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা
ছবি: সংগৃহীত

দুর্যোগপূর্ণ আবহাওয়া, জলাবদ্ধতা ও পরিবহন সংকটের কারণে আজ বুধবার (৮ জুলাই) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সকল ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বিভাগের পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী আজকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটা হয়নি।

বুধবার (৮ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন চবি উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন।

অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক ও শিক্ষার্থী শহরে অবস্থান করেন। কিন্তু অতিবৃষ্টির কারণে শহরের বিভিন্ন রাস্তাঘাট ও শাটল ট্রেনের রেলপথ পানিতে তলিয়ে গেছে। তাই সাধারণ শিক্ষার্থীদের যাতে ভোগান্তি না হয়, সে বিষয়টার দিকে লক্ষ্য রেখে প্রশাসন সকল ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে।

ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণার বিষয়টি সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়া, জলাবদ্ধতা এবং পরিবহন সংকটের প্রেক্ষাপটে আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও অনুষ্ঠিতব্য পরীক্ষা আদেশক্রমে স্থগিত করা হয়েছে।

বন্দরনগরী চট্টগ্রামে টানা তিন দিনের ভারী বৃষ্টিপাতের কারণে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও পরিবহন সংকট সৃষ্টি হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতে তীব্র ভোগান্তি দেখা দিয়েছে। এ ছাড়া সাধারণ শিক্ষার্থীদের যাতায়াতের একমাত্র মাধ্যম শাটল ট্রেনের লাইন বিভিন্ন এলাকায় পানিতে তলিয়ে গেছে। ভারী বৃষ্টির কারণে ক্যাম্পাস থেকে শহরগামী বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কোনো বাস ছেড়ে যেতে পারেনি। পরিস্থিতি বিবেচনায় এক দিনের জন্য সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় সকল ক্লাস পরীক্ষা বন্ধ থাকলেও স্বাভাবিক রয়েছে দাপ্তরিক কার্যক্রম। চবির রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বৈরী আবহাওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু আমাদের অফিসগুলো চালু রয়েছে। ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও সচল থাকবে দাপ্তরিক কার্যক্রম।