logo

চবিতে শিক্ষার্থীর চোখ জখম, অভিযুক্ত ছাত্রের সিট বাতিল

চবিতে শিক্ষার্থীর চোখ জখম, অভিযুক্ত ছাত্রের সিট বাতিল
সিট বাতিল হওয়া শিক্ষার্থী রুবেল রানা। ছবি: রানার ফেসবুক থেকে নেওয়া

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহ আমানত হলের এক আবাসিক শিক্ষার্থীর সিট স্থায়ীভাবে বাতিল করা হয়েছে। রোববার (২৯ নভেম্বর) হলের প্রভোস্ট অধ্যাপক ড. চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

সিট বাতিল হওয়া শিক্ষার্থী রুবেল রানা রসায়ন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আহত শিক্ষার্থী ইসরাফিল হোসেন পরিসংখ্যান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

Advertisement

অফিস আদেশে বলা হয়, গতকাল শনিবার (২৮ নভেম্বর) রাতে হলের ব্যাডমিনটন খেলার মাঠে ২৫০ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী মো. রুবেল রানা ৪১৮ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী মো. ইসরাফিল হোসেনের ওপর হামলা চালায়। এতে ইসরাফিলের চোখ মারাত্মকভাবে জখম হয়। হামলা ঠেকাতে গিয়ে হলের নিরাপত্তা প্রহরীসহ কিছু আবাসিক শিক্ষার্থী আহত হয়েছেন।

অফিস আদেশে বলা হয়, রুবেল রানার বিরুদ্ধে এর আগেও সাধারণ শিক্ষার্থীদের মারধর, অসৌজন্যমূলক আচরণ, মিথ্যা মামলার ভয় দেখানো, হল অফিস থেকে মালামাল চুরি, ডাইনিং থেকে জোর করে খাবার নিয়ে যাওয়া এবং অফিসের কর্মচারীদের হুমকি দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে। এ অবস্থায় শাহ আমানত হল কর্তৃপক্ষের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী, তার সিট স্থায়ীভাবে বাতিল করে তাকে অবিলম্বে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

হলের প্রভোস্ট অধ্যাপক ড. চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান এশিয়া পোস্টকে বলেন, এ শিক্ষার্থীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে হলে আবাসিক শিক্ষার্থী এবং স্টাফরা হুমকি-ধমকি, চুরি, মারধরসহ নানা বিষয়ে মৌখিক ও লিখিত অভিযোগ দিয়ে আসছেন। ২৮ নভেম্বর রাতে ইসরাফিল নামে এক ছাত্রের ওপর হামলা চালায় রুবেল রানা। এতে ইসরাফিলের চোখ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এ সময় হলের কয়েকজন শিক্ষার্থী, নিরাপত্তা প্রহরীও আহত হয়। হলের শান্তি-শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে হল কর্তৃপক্ষের সভায় রুবেল রানার সিট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।