logo

অনুমোদন ছাড়া মালয়েশিয়াগামীদের মেডিকেল: পল্টনে হিউম্যান ডায়াগনস্টিক সিলগালা

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
অনুমোদন ছাড়া মালয়েশিয়াগামীদের মেডিকেল: পল্টনে হিউম্যান ডায়াগনস্টিক সিলগালা
রাজধানীর পল্টন এলাকা। ছবি: গুগল ম্যাপ থেকে নেওয়া

​সরকারি কোনো অনুমোদন ছাড়াই অবৈধভাবে মালয়েশিয়া গমণেচ্ছুক কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা (মেডিকেল টেস্ট) ও রিপোর্ট দেওয়ার অভিযোগে রাজধানীর পল্টনের ‘হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার’ সিলগালা করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর পল্টনস্থ বক্স কালভার্ট রোডে পরিচালিত এক অভিযানে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালত।

​অভিযানে প্রতিষ্ঠানটিতে মারাত্মক অনিয়ম ধরা পড়ে। ডাটাবেস পর্যালোচনায় দেখা যায়, ২০ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে অনুমোদন ছাড়াই ১৪ জন মালয়েশিয়াগামীর মেডিকেল টেস্টের রিপোর্ট দেওয়া হয়েছে। পাশাপাশি একই ভবনে ‘সামিহা ডায়াগনস্টিক সেন্টার’ নামে আরেকটি সাইনবোর্ড টাঙিয়ে প্রতারণামূলক কর্মকাণ্ড চালানোর প্রমাণও পেয়েছে ভ্রাম্যমাণ আদালত।

​প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, বৈদেশিক কর্মসংস্থান খাতে যেকোনো অনিয়ম ও প্রতারণার বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। ভুয়া বা অনুমোদনহীনভাবে বিদেশগামীদের মেডিকেল রিপোর্ট প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কর্মীদের স্বার্থরক্ষায় সারা দেশে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।