পল্টনে সাবেক অতিরিক্ত আইজিপির গাড়ির ধাক্কায় রিকশাচালক আহত

রাজধানীর পল্টনে প্রাইভেটকারের ধাক্কায় এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) পল্টন টাওয়ারের কাছে কালভার্ট রোডের একটি শাখা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত রিকশাচালককে স্থানীয়রা উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) নিয়ে যান।
পুলিশ জানায়, পল্টন টাওয়ার থেকে প্রায় ১০০ মিটার ডান দিকে ঢাকা মেট্রো-ঘ-১৯-৭০৭৭ নম্বরের একটি প্রাইভেটকার রিকশাটিকে পাশ থেকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর গাড়িটি ঘটনাস্থলে রেখে চলে যান চালক। পরে পুলিশ গাড়িটি পরিত্যক্ত অবস্থায় হেফাজতে নেয়।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, দুর্ঘটনার সময় গাড়িটির চালকের আসনে ছিলেন পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) সিবগাতুল্লাহর ছেলে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম আরিফ এশিয়া পোস্টকে বলেন, গাড়িটির মালিক সাবেক অতিরিক্ত আইজিপি সিবগাতুল্লাহ স্যারের কিনা সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। দুর্ঘটনার সময় গাড়িটি কে চালাচ্ছিলেন, তাও এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তিনি বলেন, গাড়িটি হেফাজতে নেওয়া হয়েছে। চালকের পরিচয় ও দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।