খিলগাঁওয়ের রয়েল এইড হাসপাতালে আগুন

রাজধানীর খিলগাঁওয়ের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার (২২ আগস্ট) রাতে খিলগাঁওয়ের খিলপাপাড়া এলাকায় অবস্থিত রয়েল এইড হাসপাতালে এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে ভবনের নিচতলায় আগুন লাগার খবর পান তারা। খবর পাওয়ার দুই মিনিটের মাথায় খিলগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে প্রায় ২০ মিনিটের চেষ্টায় রাত ১১টা ২২ মিনিটের দিকে তারা আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে আগুনের মূল কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।


