logo
Advertisement

চাঁদাবাজদের সঙ্গে পুলিশ সদস্য জড়িত থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

এশিয়া পোস্ট প্রতিবেদক
চাঁদাবাজদের সঙ্গে পুলিশ সদস্য জড়িত থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
ডা. মো. আসাদুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। শনিবার ঢামেক হাসপাতালে। ছবি: এশিয়া পোস্ট

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের সঙ্গে কোনো পুলিশ সদস্য জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

Advertisement

শনিবার (২২ আগস্ট) বিকেলে সন্ত্রাসীদের হামলায় আহত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নাক, কান, গলা ও হেড-নেক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে হাসপাতালে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি আহত চিকিৎসকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি শুধু চাঁদাবাজদের তালিকা করছি না। চাঁদাবাজদের সঙ্গে যদি কোনো পুলিশ সদস্য জড়িত থাকে, তাদের তালিকাও করছি। আমি পুলিশের প্রশংসা করি, কিন্তু পুলিশের আরও কাজ করা বাকি আছে।

সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রগুলো নির্মূল করতে সরকার কাজ করছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বিশেষ করে মেট্রোপলিটন এলাকাগুলোতে চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। যারা এ রকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি, তাদের অতি শিগগিরই হেফাজতে নিতে হবে। এ ক্ষেত্রে যারা ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

গত ১৭ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে রোগী দেখে বাসায় ফেরার পথে হামলার শিকার হন অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।