logo

সায়দাবাদে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

সায়দাবাদে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

সায়দাবাদ বাস টার্মিনালে অবৈধ বাস কাউন্টার উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। 

বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলাম ও ডিএমপির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে এই অভিযান পরিচালনা করা হয়।

সকাল ১১টায় সিটি করপোরেশনের পক্ষ থেকে ৩০মিনিট সময় বেঁধে দেওয়া হলেও কাউন্টার মালিকরা তাদের কাউন্টার সরিয়ে নেয়নি। পরবর্তীতে প্রশাসন সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করে সৌদিয়া, হানিফ ও শ্যামলীসহ বেশ কিছু কাউন্টারে সাইনবোর্ড গুঁড়িয়ে দিয়ে সিলগালা করা হয়।

এ সময় সিটি করপোরেশন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, এই উচ্ছেদের উদ্দেশ্য বড় বড় বাস টার্মিনাল যেগুলো আছে সেগুলো থেকে যাত্রীরা ওঠানামা করবে, অনেকটা বিমানবন্দরের মতো। যাত্রীরা টিকিট অনলাইন থেকে কিনলেও বাসে উঠতে হবে নির্দিষ্ট জায়গা থেকে।

তিনি আরও বলেন, ছোট-বড় মিলিয়ে প্রায় ২৪০টি অবৈধ কাউন্টার রয়েছে। আমরা চেষ্টা করছি আজকের মধ্যে যতগুলো সম্ভব উচ্ছেদ করার, আর বাকিগুলো পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে।

তবে এই উচ্ছেদের কারণে কর্মসংস্থান সংকটে পরবে বলে দাবি পরিবহন শ্রমিকদের। পরিবহন শ্রমিক মিলন বলেন, ডিউটিতে এসে দেখি কাউন্টার সরিয়ে ফেলতে বলছে। আমরা দিনমজুর, আজকে বাসায় কি বাজার নিয়ে যাব জানি না। এই উচ্ছেদের কারণে হাজার হাজার শ্রমিক কর্ম হারাবে।

সায়দাবাদ টার্মিনাল মালিক সমিতির সদস্য সচিব জাহিদ আল লতিফ বলেন, টার্মিনালের ভেতরে পর্যাপ্ত জায়গা থাকলেও বাইরে কাউন্টার বসিয়ে খেয়ালখুশিমতো ভাড়া নেয়, যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। যার কারণে যোগাযোগ মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, উন্নত বিশ্বের মতো টার্মিনাল থেকেই যাত্রী ওঠানামা করবে। আমরা মনে করি এই সিদ্ধান্ত মালিক শ্রমিক উভয়ের জন্যই লাভ হবে।

কর্ম হারানো শ্রমিকের জন্য চাকরি ব্যবস্থা করে দেওয়া হয় এমনটা দাবি সাধারণ শ্রমিকদের।