কারাগার থেকে পালানো সেই নারী বন্দিকে গ্রেপ্তার

দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী বন্দির কারাগারের প্রাচীর টপকে পালিয়ে যাওয়ার ঘটনার চার দিন পর তাকে গ্রেপ্তার করেছে র্যাব।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া মোছা. রিম্পাকে (২১) রোববার (১৯ জুলাই) রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (উন্নয়ন) ও মুখপাত্র জান্নাত-উল-ফারহাদ রিম্পার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যান রিম্পা। রোববার র্যাব তাকে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে।
এর আগে নারী বন্দির পালিয়ে যাওয়ার ঘটনায় শুক্রবার কারা কর্তৃপক্ষ গাজীপুরের কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করে। মামলায় উল্লেখ করা হয়, রিম্পা কারাগারের প্রাচীর টপকে পালিয়ে যান।
কারাগারের একটি সূত্র জানিয়েছে, রিম্পা পালিয়ে যাওয়ার সময় কারাগার প্রাঙ্গণে ফ্লাডলাইটের আলোয় কারা স্টাফদের একটি ফুটবল টুর্নামেন্ট চলছিল। এ সময় উঁচু ওয়াচ টাওয়ারে দায়িত্বে থাকা কয়েকজন কারারক্ষীও খেলা দেখতে ব্যস্ত ছিলেন। সেই সুযোগেই তিনি কারা প্রাচীর টপকে পালিয়ে যান বলে ধারণা করা হচ্ছে।
সূত্র আরও জানায়, চুরির মামলায় তিন মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত রিম্পা কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি ছিলেন। নিয়মিত বন্দি গণনার সময় (গুনতি) তার অনুপস্থিতি ধরা পড়লে কারা কর্তৃপক্ষ বিষয়টি জানতে পারে।
ঘটনাটি দেশের কারা ব্যবস্থাপনায় নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। কীভাবে একজন নারী বন্দি কারাগারের প্রাচীর টপকে পালাতে সক্ষম হলেন, সে বিষয়ে কারা কর্তৃপক্ষের তদন্ত অব্যাহত রয়েছে।
.png)





