ঢাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’, দূষণে শীর্ষে

বিশ্বের বিভিন্ন শহরের মতো মেগাসিটি ঢাকায়ও দিন দিন বায়ুদূষণ বাড়ছে। বিশেষ করে শীতকালে বৃষ্টিপাত না থাকার পাশাপাশি শুষ্ক আবহাওয়ার কারণে বায়ুদূষণ ভয়াবহ আকার ধারণ করছে। এবারও তার ব্যতিক্রম হয়নি।
রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টা ২৪ মিনিটে বায়ুমানের সূচক (একিউআই) অনুযায়ী, ঢাকায় বাতাসের মান ছিল ৩১২ স্কোর। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘ঝুঁকিপূর্ণ’ বলা হয়। একইসঙ্গে এই স্কোর নিয়ে বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ঢাকার নাম।
এ ছাড়া স্কোর ২১৮ নিয়ে দ্বিতীয় স্থানে ভারতের কলকাতা এবং ২০২ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু।
তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০-এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।
ঢাকায় এমন ভয়াবহ বায়ুদূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। ভয়াবহ এই দূষণের ফলে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষ করে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।