স্টার্লিং সাব-মেশিনগান, পিস্তল ও ৩৪ রাউন্ড গুলিসহ দুই অস্ত্রধারী গ্রেপ্তার

রাজবাড়ী সদর ও গোয়ালন্দ থানায় পৃথক অভিযান চালিয়ে একটি বিদেশি স্টার্লিং সাব-মেশিনগান, একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, ৩৪ রাউন্ড তাজা কার্তুজ এবং কয়েকটি দেশীয় অস্ত্রসহ দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান।
তিনি জানান, অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে র্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের সদস্যরা গত বুধবার রাজবাড়ী সদর ও গোয়ালন্দ থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন।
অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামান বলেন, বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের মহিষখোলা মোল্লাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মো. মোমিন মোল্লা (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি সদর উপজেলার মহিষখোলা এলাকার আফজাল মোল্লার ছেলে।
এ সময় তার কাছ থেকে একটি বিদেশি তৈরি স্টার্লিং সাব-মেশিনগান, দুটি ম্যাগাজিন, ২৮ রাউন্ড তাজা কার্তুজ এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
একই দিন রাত প্রায় ১০টা ১৫ মিনিটে গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের জলিল মেম্বার ব্রিজসংলগ্ন এলাকায় আরেকটি অভিযান চালিয়ে হাসান আলী বিশ্বাস (৩৬) নামের একজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা এলাকার বাবু বিশ্বাসের ছেলে। অভিযানে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ছয় রাউন্ড তাজা কার্তুজ, কয়েকটি দেশীয় অস্ত্র, চারটি মোবাইল ফোন এবং নগদ ১৫ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।
র্যাব-১০-এর অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি অস্ত্রের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।