মোহাম্মদপুরে কাঁচামাল ব্যবসায়ী ও তার ছেলেকে গুলি-ছুরিকাঘাত

রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে কাঁচামাল ব্যবসায়ী মোহাম্মদ সুমন আলী (৪৫) ও তার ছেলে মোহাম্মদ ফাহিম (২২) আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ফলপট্টি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে সুমন আলী ও তার ছেলে ফাহিমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহত সুমন আলীর ছেলে মোহাম্মদ ফাহিম জানান, রাতে তিনি তাদের কাঁচামালের দোকানে বসে ছিলেন। এসময় মুখে মাস্ক ও রুমাল এবং মাথায় ক্যাপ পরা ছয় ব্যক্তি হঠাৎ দোকানে এসে অতর্কিত হামলা চালায়। আত্মরক্ষার্থে দৌড়ে পালানোর চেষ্টা করলে হামলাকারীরা তাকে পেটের ডান পাশে ছুরিকাঘাত করে।
ফাহিম বলেন, দূর থেকে বিষয়টি দেখতে পেয়ে তার বাবা তাকে রক্ষা করতে এগিয়ে আসেন এবং হামলাকারীদের একজনকে ধরে ফেলেন। এসময় হামলাকারীরা তার বাবার বাম পায়ে গুলি করে পালিয়ে যায়।
ফাহিমের অভিযোগ, হামলাকারীরা ‘সাজ্জাদ গ্রুপের’ সদস্য। তাদের মধ্যে মুন্না (২৬), রাব্বি (২৬) ও মনির হোসেন নামে কয়েকজনকে তিনি শনাক্ত করতে পেরেছেন বলে দাবি করেন।
হামলার কারণ সম্পর্কে ফাহিম বলেন, গত মাসে ফরহাদ নামে তার এক মামা খুন হন। ওই হত্যাকাণ্ডের সঙ্গে পূর্ব শত্রুতার জেরে তাদের পরিবারের বিরোধ চলছিল। তার দাবি, ফরহাদ হত্যার পর তার বাবা গণমাধ্যমের সামনে বক্তব্য দিয়েছিলেন। সেই ঘটনার জেরেই তাদের ওপর হামলা চালানো হতে পারে।
আহত সুমন আলীর বাবার নাম হোসেন আলী। তাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের বিক্রমপুরের রাজাবাড়ি দিঘিরপাড় এলাকায়। বর্তমানে তিনি পরিবার নিয়ে মোহাম্মদপুরের বসিলা ৪০ ফুট গার্ডেন সিটি এলাকায় বসবাস করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে এশিয়া পোস্টকে জানান, মোহাম্মদপুরে গুলি ও ছুরিকাঘাতে আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। তারা বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
