ফুটপাত দখলমুক্ত করে নান্দনিক রূপ দিল ডিএসসিসি

রাজধানীর সেগুনবাগিচায় ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। কেবল দখলমুক্তই নয়, নতুন ডাস্টবিন স্থাপন, পথচারীদের বিশ্রামের জন্য বেঞ্চ নির্মাণ, সীমানা প্রাচীর সংস্কার এবং ১০ জন গুণী ব্যক্তিত্বের গ্রাফিতি এঁকে স্থানটিকে নান্দনিক রূপ দেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকালে সেগুনবাগিচায় সৌন্দর্যবর্ধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক স্পষ্ট বার্তা দিয়ে বলেন, রাজধানীর সড়ক ও ফুটপাত দখল করে কোনো হকারকে বসতে দেওয়া হবে না। হকারদের জন্য নির্ধারিত বিকল্প স্থানেই ব্যবসা করতে হবে। উচ্ছেদের পর পুনরায় কেউ নিষিদ্ধ স্থানে বসলে মালামাল ক্রোকসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, হকারদের ক্ষতির কথা বিবেচনা করেই বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। পীর ইয়ামেনী মাজার এলাকায় শুক্রবার ও শনিবার ‘হলিডে মার্কেট’ এবং অন্যান্য দিন আইডিয়াল স্কুলের বিপরীত পাশের সড়কের ফুটপাতে হকারদের বসার সুযোগ দেওয়া হয়েছে। হকার সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমেই এসব সিদ্ধান্ত হয়েছে।
শিল্পকলা একাডেমি সংলগ্ন এই এলাকাটিকে একটি পরিচ্ছন্ন সাংস্কৃতিক পরিমণ্ডল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে প্রশাসক বলেন, শিল্পাচার্য জয়নুল আবেদীন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ শিল্প-সংস্কৃতির ১০ গুণী ব্যক্তিত্বের গ্রাফিতিতে সাজানো হয়েছে এই এলাকা।
সৌন্দর্য ও পরিবেশ বজায় রাখতে তিনি সিটি কর্পোরেশনের পাশাপাশি শিল্পকলা একাডেমি ও সাধারণ নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সবশেষে ঢাকাকে ‘ক্লিন অ্যান্ড গ্রিন’ রাখতে সাংবাদিক, হকারসহ সর্বস্তরের নগরবাসীর সহযোগিতা কামনা করেন ডিএসসিসি প্রশাসক।