logo

রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় বাসের ধাক্কায় মাসুম মিয়া (৪০) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় কাতারগামী দুই যাত্রীসহ তিনজন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে রায়েরবাগ বাসস্ট্যান্ডের ইউনাইটেড সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

নিহত মাসুম মিয়া বরিশালের উজিরপুর উপজেলার মণ্ডপাশা গ্রামের হারুন হাওলাদারের ছেলে। আহতরা হলেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কাতারগামী যাত্রী কাওসার হোসেন রুবেল (৩১), আলামিন (৩০) এবং তাদের স্বজন মো. বশির (৩৩)।

আহত বশিরের স্ত্রী নুপুর আক্তার জানান, বুধবার বেলা সাড়ে ১১টায় রুবেল ও আলামিনের কাতার যাওয়ার ফ্লাইট ছিল। সকালে শনির আখড়ার রায়েরবাগ বাগানবাড়ি মসজিদের সামনে থেকে তারা একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে মূল সড়কের দিকে যাচ্ছিলেন। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় বিমানবন্দরে যাওয়ার কথা ছিল তাদের।

অটোরিকশাটি রায়েরবাগ বাসস্ট্যান্ডের ইউনাইটেড সিএনজি পাম্পের সামনে পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগতির বাস সেটিকে ধাক্কা দেয়। এতে চালকসহ চারজন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে সকাল ৯টা ৩৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক অটোরিকশাচালক মাসুম মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নুপুর আক্তার জানান, তার স্বামীর অবস্থাও আশঙ্কাজনক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, চিকিৎসকের বরাত দিয়ে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আহত তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ইনামুল হোসেন

সম্পাদনা

ইনামুল হোসেন

জ্যেষ্ঠ সহ-সম্পাদক | এশিয়া পোস্ট