৯৯৯-এ ফোন করে স্বামীকে ধরিয়ে দিলেন স্ত্রী

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে তার সৎবাবা মো. জলিলের (৪৮) বিরুদ্ধে। এ সময় শিশুটির মা ৯৯৯-এ ফোন করলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ তথ্য নিশ্চিত করছেন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার।
তিনি জানান, বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড থেকে এক নারী ৯৯৯ নম্বরে ফোন করে অভিযোগ করে বলেন, তার ৯ বছর বয়সী মেয়েকে তার সৎবাবা ধর্ষণের চেষ্টা করেছেন।
কলটি গ্রহণ করেন কনস্টেবল নাদিম। পরে ৯৯৯ পুলিশ ডিসপাচার এএসআই মাসুম বিল্লাহ কলার ও ব্রাহ্মণপাড়া থানার সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনতার সহায়তায় অভিযুক্ত মো. জলিলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় শিশুটির মা থানায় লিখিত অভিযোগ করেছেন। এর ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানায় মামলা করা হয়েছে বলেও জানান পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার।




