জুরাইন থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর কদমতলী এলাকার জুরাইন বাগানবাড়িতে সোনিয়া আক্তার (২৭) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) দিবাগত রাতের এই ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা রাত সোয়া ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী অটোরিকশাচালক মনির হোসেন জানান, পারিবারিক কলহের জেরে তিনি নিজ কক্ষে জানালার গ্রিলের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে ।
মনির হোসেন আরও জানান, তাদের গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মেরুল গ্রামে। বর্তমানে তারা জুরাইন বাগানবাড়ি এলাকার একটি পাঁচতলা ভবনের চতুর্থ তলায় ভাড়া থাকতেন।
তিনি বলেন, কয়েক বছর আগে তাদের বিয়ে হয়। দাম্পত্য জীবনে কোনো সন্তান ছিল না। সোনিয়া প্রায়ই অসুস্থ থাকতেন এবং দীর্ঘদিন চিকিৎসা ও বিকল্প চিকিৎসাও চলছিল। তিনি বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন বলেও জানান স্বামী।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।