গোপন বৈঠক থেকে ডিইউজের সাবেক সভাপতি আটক

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাবেক সভাপতি আবু জাফর সূর্যসহ শতাধিক ব্যক্তিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আটক ব্যক্তিদের আওয়ামী লীগের নেতাকর্মী বলে দাবি করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে জাসদের কার্যালয় থেকে তাদের আটক করা হয়।
পুলিশের ভাষ্য, জাসদ কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপন বৈঠক করছেন- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে আবু জাফর সূর্যসহ শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই যে, জাসদ কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়ে গোপন বৈঠক করছেন। সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এখান থেকে তাদের আটক করা হয়। তারা যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারেন, সে বিষয়েও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
অভিযান শেষ হলে আটকের সংখ্যা ও ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে বলে জানান ওসি আরিফুল আলম।