logo

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৪, ইয়াবাসহ মাদকদ্রব্য উদ্ধার

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৪, ইয়াবাসহ মাদকদ্রব্য উদ্ধার
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৬৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় সংশ্লিষ্ট ঘটনায় মোট ৪২টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর আটটি অপরাধ বিভাগে পৃথক অভিযান পরিচালনা করে। এর মধ্যে মিরপুর বিভাগে ১১৪ জন, তেজগাঁওয়ে ৮১ জন, লালবাগে ৫৮ জন, ওয়ারীতে ৫৭ জন, মতিঝিলে ৪৬ জন, উত্তরায় ৪৫ জন, রমনা বিভাগে ৩২ জন, গুলশানে ৩০ জন এবং গোয়েন্দা বিভাগে (ডিবি) ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে অপরাধীদের কাছ থেকে মাদক ও অন্যান্য আলামত জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ১০ হাজার ৮৭২ পিস ইয়াবা, ৫ কেজি গাঁজা এবং ৩ গ্রাম হেরোইন। এছাড়া দুটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৫২০ টাকাও উদ্ধার করা হয়।

ডিএমপি আরও জানায়, রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ও অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারে নিয়মিত এ অভিযান পরিচালিত হচ্ছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।